ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসিতে অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসিতে অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
×
×

শিক্ষার্থীর হাতে লেখা চিরকুট। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২০:২০

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় চিরকুট লিখে হৃদয় সরদার (১৯) নামের এক কলেজশিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার  ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। এদিকে, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধারের সময় তার পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে হৃদয় লিখেছেন— ‘আজকের রেজাল্টার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার আব্বু-আম্মা আমার জন্য কত তাদের নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়েছে। আমি ও অনেক কষ্ট করেছি আজকের রেজাল্টার জন্য। বুঝতে পারছি না স্যারের ভুলে কেমন আজকে এমন হলো। আব্বু-আম্মা আমাকে ক্ষমা করে দিও।’

স্থানীয় বাসিন্দা শেখ ইয়াসিন বলেন, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল হৃদয়। পরিবারের অজান্তে শনিবার দুপুরের দিকে সে নিজ বাড়িতে এমন সিদ্ধান্ত নেয়। তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে সে নিজের ফলকে মৃত্যুর জন্য দায়ী করে গেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেল ঘাটা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
 

আরও পড়ুন

×