কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেননি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২০:৩৭
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার ফল শূন্য। এসব প্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও পাস করেননি। এই প্রতিষ্ঠানগুলো থেকে সর্বাধিক সাতজন এবং তিনটি প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন একজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শনিবার বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. শফিকুল ইসলাম ঘোষিত ফল থেকে এসব তথ্য জানা গেছে।
বোর্ডের তথ্যমতে, একজন করে পরীক্ষার্থী থাকা ফল শূন্য প্রতিষ্ঠান– কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুরের পৌর শহীদ জাবেদ হাইস্কুল অ্যান্ড কলেজ ও লক্ষ্মীপুর জেলার কেমব্রিজ সিটি কলেজ। দুজন করে পরীক্ষার্থী থাকা ফল শূন্য প্রতিষ্ঠান– ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বগৈর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ ও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ড. এম সামছুল হক মডেল কলেজ। তিনজন করে পরীক্ষার্থী থাকা প্রতিষ্ঠান– ফেনী সদর উপজেলার বেগম সামছুন্নাহার বালিকা স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আখন্দ কলেজ। পাঁচজন করে পরীক্ষার্থী থাকা প্রতিষ্ঠান– কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অধ্যাপক সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আপার মডেল কলেজ। ছয়জন পরীক্ষার্থী ছিল লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। সাতজন করে পরীক্ষার্থী থাকা ফল শূন্য প্রতিষ্ঠান– ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট হাইস্কুল অ্যান্ড কলেজ ও ফেনী সদর উপজেলার বিকন মডেল কলেজ।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহসান পারভেজ সমকালকে বলেন, শূন্য পাস করা প্রতিষ্ঠানের অধিকাংশই স্কুল অ্যান্ড কলেজ। এসব প্রতিষ্ঠানে পরীক্ষার্থীও ছিল নামমাত্র। শিগগিরই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানকে কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়া হবে, সন্তোষজনক জবাব না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।