শুটিং শুরুর চার বছর পর প্রেক্ষাগৃহে আসছে ‘যাপিত জীবন’
‘যাপিত জীবন’ সিনেমার পোস্টারের একাংশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৯:৪৫ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ | ১৯:৪৬
প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলোচিত উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশভাগ ও ভাষা আন্দোলনসহ ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে এসেছে উপন্যাসটিতে। আজ সন্ধ্যায় অফিসিয়াল পোস্টার প্রকাশ করে সিনেমাটি মুক্তির তারিখ জানানো হয়েছে।
‘যাপিত জীবন’ সিনেমা পরিবেশক সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, আসছে ২০ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
২০২২ সালে নভেম্বরে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। একবছরের মধ্যে শেষ হয় নির্মাণকাজ। তবে নানা কারণে মুক্তি পায়নি সিনেমাটি। রাজনৈতিক পটপরিবর্তনের পর হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়।

‘যাপিত জীবন’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। তাঁর চরিত্রের নাম আনজুম। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বাবার পরিচালনায় কাজ করেছেন ভাবনা।
এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, রওনক হাসান, আবুল কালাম আজাদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, তানভীর হোসেন প্রবাল, কাজী হায়াৎ, প্রণব ঘোষ, মিলি মুন্সী, ডলি জহুর, মৌসুমী হামিদ ও খালিদ মাহবুব তুর্যসহ অনেকে।
- বিষয় :
- সিনেমা মুক্তি
- সিনেমা
- আফজাল হোসেন
- ভাবনা