শাহরুখের ক্যারিয়ারের শুরুর দিকের অজানা তথ্য জানালেন নির্মাতা
শাহরুখ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৫:৫৬ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ | ১৬:০১
বলিউডে পা রাখার শুরু থেকে নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল শাহরুখ খানের। অভিনয়ের জন্য বেছে নিতে চান কোন ধরনের কাজ, আর কোন পথে এগোতে চান—সেসব সিদ্ধান্তেও ছিলেন আত্মবিশ্বাসী। এমনটাই জানিয়েছেন নির্মাতা আনন্দ মহেন্দ্র।
তার দাবি, একসময় বুদ্ধিবৃত্তিক ধারার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ। কারণ, তাঁর লক্ষ্য ছিল তারকা হওয়া।
আনন্দ মহেন্দ্রর সঙ্গে শাহরুখের পরিচয় আশির দশকের শেষ দিকে। নির্মাতার কার্যালয়ে তাদের প্রথম দেখা হয়েছিল। সে সময় আনন্দ মহেন্দ্রু নির্মাণ করছিলেন শিশুদের বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক টেলিভিশন ধারাবাহিক ‘ইন্দ্রধনুষ’। ওই ধারাবাহিকের একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে কার্যালয়ে এসেছিলেন শাহরুখ।
চলচ্চিত্র নির্মাতা করণ জোহরও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। পরে একাধিকবার প্রথম দেখার অভিজ্ঞতা বলতে গিয়ে করণ জানিয়েছিলেন, শাহরুখের সরাসরি কথা বলার ধরন দেখে তাকে প্রথমে অহংকারী মনে হয়েছিল। তবে আনন্দ মহেন্দ্রর ভাষ্য, ঘটনাটি করণের বর্ণনার মতো পুরোপুরি ছিল না।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ‘স্ক্রিন স্পটলাইট’ অনুষ্ঠানে আনন্দ মহেন্দ্র বলেন, ‘করণ যেভাবে গল্পটি বলে, তাতে কিছুটা মসলা যোগ হয়। ‘আমি সিরিয়াল করতে চাই না-—শাহরুখ এভাবে বলেননি। শাহরুখ এমন মানুষ নন।’
শাহরুখের সঙ্গে সুসম্পর্কের কথাও তুলে ধরেন নির্মাতা। তার ভাষ্য, তারকা হওয়ার পরও পুরোনো পরিচিতদের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছিলেন অভিনেতা। ১৯৯৩ সালে যশ চোপড়ার ‘ডর’ সিনেমার সাফল্যের পর শাহরুখ যখন জনপ্রিয়তার শীর্ষে উঠতে শুরু করেন, তখনও আনন্দ মহেন্দ্রর প্রযোজনায় ‘রজনী’ ধারাবাহিকে অতিথি চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছিলেন। পরদিন বান্দ্রায় নিজের বাড়িতেও শুটিংয়ের অনুমতি দিয়েছিলেন।
আনন্দ মহেন্দ্র আরও জানান, দিল্লিতে তার একটি কার্যালয় ছিল। সেখানে দেখা করতে যেতেন শাহরুখ। তারা একসঙ্গে খেলতে যেতেন, রাতে গলিতে খাবার খেতেন। এমনকি গাড়ির ওপর দাঁড়িয়ে উচ্চ শব্দে গান গাওয়ার স্মৃতিও রয়েছে তার। গোবিন্দর ‘কালি আঁখে মিস ইন্ডিয়া’ গানটি গাইতেন শাহরুখ।
শাহরুখের ক্যারিয়ার নিয়ে স্পষ্ট ধারণার আরেকটি উদাহরণও দিয়েছেন আনন্দ মহেন্দ্র। তার পারিবারিক বন্ধু ও নির্মাতা বাসু ভট্টাচার্য একবার শাহরুখকে নিজের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি অভিনেতা।
আনন্দ মহেন্দ্রর দাবি, শাহরুখ তাকে বলেছিলেন, ‘আমি বুদ্ধিবৃত্তিক সিনেমায় অভিনয় করতে আগ্রহী নই। এই ইন্ডাস্ট্রিতে এমন অভিনেতা অনেক আছেন। আমি তারকা হতে চাই।’
আনন্দ মহেন্দ্রুর মতে, নিজের পছন্দ ও অপছন্দের বিষয়ে শুরু থেকে পরিষ্কার ছিলেন শাহরুখ। শুটিংয়ের সময়ও তাকে প্রায় সেটে দেখা যেত। নিজের দৃশ্যের শুটিং না থাকলেও মেকআপ রুমে বসে না থেকে অন্যদের কাজ দেখতেন।
নির্মাতার ভাষায়, ‘শাহরুখ সব সময় সিনেমার মধ্যে বেঁচে থাকত। বিষয়টি আমার ভালো লাগত।’ সূত্র: এনডিটভি
- বিষয় :
- শাহরুখ খান