পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অনুরাগ কশ্যপ। ছবি: দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৭:৩৩ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ | ১৭:৩৮
ফের আইনি জটিলতায় পড়েছেন বলিউডের নন্দিত নির্মাতা অনুরাগ কশ্যপ। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে তার মন্তব্যের বিরুদ্ধে করা মামলায় এবার পরিচালকের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের সুরাটের একটি আদালত। সুরাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জে ভি চৌহান এই পরোয়ানা জারির নির্দেশ দেন।
অভিযোগকারী পক্ষের আইনজীবী কমলেশ রাওয়াল জানিয়েছেন, আদালতে হাজির হওয়ার জন্য অনুরাগকে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল। এমনকি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেও তাকে আদালতে উপস্থিত হওয়ার কথা জানানো হয়। তবে কোনো নোটিসেরই জবাব দেননি পরিচালক। ফলে এই নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি আছে।
মামলার সূত্রপাত চলতি বছরের মে মাসে। আইনজীবী কমলেশ রাওয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরাগের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩৫২ ও ৩৫২(২) ধারায় মামলা করার নির্দেশ দেন আদালত। এসব ধারায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ ও শত্রুতা উসকে দেওয়া, ইচ্ছাকৃতভাবে অপমান করে শান্তিভঙ্গের পরিস্থিতি তৈরি করা এবং মিথ্যা গুজব ছড়ানোর মতো অভিযোগের বিষয় রয়েছে। কমলেশ রাওয়াল কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের আইনি উপদেষ্টা হিসেবেও কাজ করেন।
অভিযোগের সূত্র ২০২৫ সালের ১৬ এপ্রিল অনুরাগের করা একটি পোস্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্রাহ্মণ সম্প্রদায় সম্পর্কে পরিচালকের মন্তব্যের বিরোধিতা করেছিলেন আদিত্য নামের এক ব্যক্তি। এর জবাবে অনুরাগ তাকে প্রশ্ন করেন, ব্রাহ্মণ হয়ে তিনি কী অর্জন করেছেন? এই মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়। পরে পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন কমলেশ রাওয়াল।
অভিযোগকারী পক্ষের বক্তব্য অনুযায়ী, শুরুতে অনুরাগের উপস্থিতিতে অভিযোগের সত্যতা যাচাইয়ের আবেদন করা হয়েছিল। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় একাধিকবার সমন পাঠানো হয়। তাতেও সাড়া না মেলায় সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। এরপরও পরিচালক উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ করে জামিন পাওয়ার সুযোগ থাকে। এখন এই মামলায় অনুরাগ কশ্যপের পরবর্তী পদক্ষেপ কী হয়, তা দেখার অপেক্ষা। আগামী ২৪ ডিসেম্বর আদালতে মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা। সূত্র: আউটলুক ইন্ডিয়া
- বিষয় :
- অনুরাগ কশ্যপ