‘৫০ বছর ধরে অভিনয় করছি, শেষ দিন পর্যন্ত এটাই করতে চাই’
আজিজুল হাকিম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৮:৪২ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ | ১৯:১৫
অভিনয়জীবনের পাঁচ দশক পার করেছেন অভিনেতা আজিজুল হাকিম। দীর্ঘ এই সময়ে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে ক্যারিয়ারের এই পর্যায়েও অভিনয় থেকে বিরতি নেওয়া কিংবা সাফল্যের পরিচিত গণ্ডিতে আটকে থাকার কথা ভাবছেন না। বরং প্রতিনিয়ত নতুন চরিত্রে নিজেকে ভাঙা-গড়ার মধ্য দিয়ে যেতে চান এই অভিনেতা। তার ইচ্ছা, জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যাওয়া।
আজিজুল হাকিমের কাছে অভিনয় কেবল পেশা নয়, সৃজনশীলতার চর্চা। যত দিন একজন মানুষের মধ্যে সৃজনশীলতা থাকে, তত দিন তার কাজ করে যাওয়া উচিত বলে মনে করেন তিনি।
আজিজুল হাকিম সমকালকে বলেন, ‘এটি একটি সৃজনশীল কাজ। আমি এই কাজটি করবার জন্য নিজে নিজে মনস্থির করেছি এবং ৫০ বছর ধরে অভিনয় করে যাচ্ছি। মাঝপথে অভিনয় থেকে বিদায় নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ, এটি একটি সৃজনশীল মাধ্যম। সৃজনশীলতা যত দিন পর্যন্ত একটা মানুষের মধ্যে বিদ্যমান থাকবে, সে সেই কাজটি তত দিন পর্যন্ত করবে—এটি আমার বিশ্বাস। সেই কারণে ৫০ বছর ধরে অভিনয় করছি। ইচ্ছা আছে, শেষ দিন পর্যন্ত অভিনয় করতে চাই। যত দিন পর্যন্ত আমার নিঃশ্বাস আছে, তত দিন পর্যন্ত কাজটা স্বাচ্ছন্দ্যে করে যেতে চাই।’

দীর্ঘ অভিনয়জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এই অভিনেতা। তবু পুরোনো সাফল্যের ওপর নির্ভর করে থাকতে চান না তিনি। বরং নতুন চরিত্র এলেই সেটিকে নিজের মতো করে বুঝে নেওয়া এবং বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করেন।
গেল ঈদে মুক্তি পাওয়া ‘প্রেসার কুকার’ সিনেমায় লিয়াকত আলী চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটিতে তাঁর অভিনয় এবং নাজিফা তুষির সঙ্গে স্পা পার্লারের দৃশ্যগুলো নিয়ে বিস্ময় প্রকাশ করেন দর্শক।
চরিত্রটি নিয়ে আজিজুল হাকিম বলেন, ‘আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি, লিয়াকত আলী, সেই চরিত্রটি কিন্তু আমাদের সমাজেরই একটি চরিত্র। সোসাইটির মধ্যে এই চরিত্রটি বিদ্যমান। একজন অভিনয়শিল্পীর কাজই হচ্ছে, আমাদের চারপাশে যে চরিত্রগুলো আছে, সেগুলো পর্যবেক্ষণ করা। সেই চরিত্রে অভিনয় করার সুযোগ এলে সেটিকে বিশ্বস্ততার সঙ্গে উপস্থাপন করা।’
আজিজুল হাকিম বলেন, ‘আমি আমার মতো করে ওই চরিত্রটিকে রূপায়ণ করার চেষ্টা করেছি। আজিজুল হাকিম না থেকে ওই লিয়াকত আলী হওয়ার চেষ্টা করেছি।’

শুধু ‘প্রেসার কুকার’ নয়, ‘মালিক’ সিনেমায়ও ভিন্ন লুকে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ ৫০ বছর পরও নতুন গেটআপ কিংবা ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের আনন্দ আগের মতোই অনুভব করেন কি না, এমন প্রশ্নে অভিনেতা জানান, নতুন চরিত্রের প্রতি আগ্রহ ধরে রাখাই তাঁর নিয়মিত চর্চার অংশ।
তার মতে, একজন সৃজনশীল অভিনেতাকে প্রতিটি চরিত্রের পর পরবর্তী চরিত্রটিকে কীভাবে আলাদা ও বিশ্বাসযোগ্য করে তোলা যায়, তা নিয়ে ভাবতে হয়। একই ধরনের অভিনয়ের মধ্যে আটকে গেলে সৃজনশীলতার জায়গাটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘আমি আমার মধ্যে কোনো রকম স্যাচুরেশনের জায়গা রাখি না। কারণ, যদি কখনো মনে হয় অভিনয়টা আমার কাছে খুব বোরিং মনে হচ্ছে, তাহলে আমি আর সেই ক্রিয়েটিভ অভিনয়টা করতে পারব না। সেই জায়গা থেকে আমার বিশ্বাস, প্রতিদিন যে চরিত্রটি পাই, সেই চরিত্রটিকে একটু ভিন্ন মাত্রা দেওয়ার জন্য, একটু নতুন মাত্রা দেওয়ার জন্য সব সময় চেষ্টা করি।’
পাঁচ দশকের অভিনয়জীবনেও নতুনত্বের খোঁজে থাকা আজিজুল হাকিমের কাছে তাই কোনো চরিত্রই কেবল আরেকটি কাজ নয়। প্রতিটি চরিত্রে নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগ হিসেবেই দেখেন তিনি। আর সেই আগ্রহ নিয়েই জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় চালিয়ে যেতে চান এই অভিনেতা।
- বিষয় :
- আজিজুল হাকিম
- অভিনয়
- সিনেমা