ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ভয়, রহস্য ও প্রতিশোধের গল্পে কঙ্গনা

ভয়, রহস্য ও প্রতিশোধের গল্পে কঙ্গনা
×
×

কঙ্গনা রনৌত। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৪:০৮ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ | ১৪:২০

আবারও ভৌতিক গল্পে পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। রহস্য, ভয় আর অজানা আতঙ্কের আবহে নির্মিত হতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘স্কেরি পিকচার’। ছবিটি প্রযোজনা করছেন দক্ষিণি অভিনেতা ও প্রযোজক রানা দাগ্গুবতী। পরিচালনা করবেন তেলেগু নির্মাতা ও অভিনেতা রবি বাবু। এই সিনেমার মধ্য দিয়ে হিন্দি সিনেমায় নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তাঁর।

সম্প্রতি হররকন আয়োজনে ছবিটির নাম ঘোষণা করেন রানা দাগ্গুবতী। তাঁর এই ঘোষণার ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কঙ্গনা নিজেও ভিডিওটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তবে ছবিতে নিজের চরিত্র কিংবা গল্পের ধরন নিয়ে কোনো মন্তব্য করেননি কঙ্গনা।

যদিও কঙ্গনার অভিনয়জীবনে হরর ঘরানার সিনেমায় অভিনয় নতুন নয়। এর আগে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরে ‘চন্দ্রমুখী ২’ সিনেমায়ও দেখা গেছে তাঁকে। সেখানে ভয়, রহস্য ও প্রতিশোধের গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন এই অভিনেত্রী। ফলে ‘স্কেরি পিকচার’ দিয়ে আবারও ভৌতিক গল্পে ফেরা তাঁর অভিনয়জীবনের পরিচিত একটি ঘরানায় নতুন সংযোজন হতে যাচ্ছে।

বলিউডের পাশাপাশি দক্ষিণি সিনেমার সঙ্গেও কঙ্গনার রয়েছে পূর্বপরিচয়। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘এক নিরঞ্জন’ ছিল তাঁর প্রথম তেলেগু সিনেমা। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও দক্ষিণি নির্মাতার সঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী। তবে এবার সিনেমার ভাষা হিন্দি। 

অন্যদিকে, নির্মাতার জন্যও এটি গুরুত্বপূর্ণ একটি কাজ। তেলেগু চলচ্চিত্রে হরর নির্মাণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে হিন্দি দর্শকদের সামনে নিজের নির্মাণশৈলী তুলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি। এখন দেখার বিষয়, নতুন এই ভৌতিক গল্পে কঙ্গনাকে কোন রূপে হাজির করেন নির্মাতা।

এদিকে কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায়। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় কামা অ্যান্ড আলব্লেস হাসপাতালে নার্স ও হাসপাতালকর্মীদের সাহসিকতা এবং আত্মত্যাগের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। এতে জ্যেষ্ঠ নার্স গীতা মাধব গান্ধারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন

×