নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
জাকির হোসেন নবাব। ছবি-সংগৃহীত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৭:০৭
নওগাঁ জেলা কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন। মঙ্গলবার দুপুরে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাকির হোসেনের মৃত্যু হয়েছে। তাকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
কারাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অসুস্থতাবোধ করলে দ্রুত জাকির হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি কারাগারে বিস্ফোরক মামলায় বন্দি ছিলেন।
নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় জানান, জাকির হোসেন নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন বলে তিনি শুনেছেন। তবে হাসপাতাল থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি।
জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
- বিষয় :
- নওগাঁ
- আওয়ামী লীগ নেতা
- কারাগারে বন্দি
- মৃত্যু