ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শঙ্খর সিনেমায় প্রথমবার জুটি সিয়াম-তুষি, সঙ্গে চঞ্চল চৌধুরী

শঙ্খর সিনেমায় প্রথমবার জুটি সিয়াম-তুষি, সঙ্গে চঞ্চল চৌধুরী
×
×

সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও শঙ্খ দাশগুপ্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৪:৪৬ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৪:৪৮

আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। তাঁদের পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীসহ একঝাঁক পরিচিত অভিনয়শিল্পীকে।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ ও রেজওয়ান পারভেজ। বড় পর্দায় সিয়াম ও তুষির প্রথম জুটি দর্শকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রেক্ষাগৃহের জন্য শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় সিনেমা ‘আবার দেখা হলে’। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘প্রিয় মালতী’। এ ছাড়া ওটিটির জন্য তাঁর নির্মিত সিনেমা ‘চা গরম’ প্রশংসিত হয়েছিল।

নির্মাতা জানিয়েছেন, ‘আবার দেখা হলে’ মূলত ড্রামা ঘরানার সিনেমা। তবে এটি পরিবারের সব বয়সী দর্শকের একসঙ্গে উপভোগ করার মতো করেই নির্মাণ করা হচ্ছে।

সিনেমাটি নিয়ে শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণির। আবেগ, পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহের বিষয় রয়েছে সিনেমাটিতে, রয়েছে বাস্তব জীবনের দ্বন্দ্ব এবং নাটকীয়তা। এসব শুনে দর্শকেরা আবার মনে করবেন না যে এটি খুব গম্ভীর কোনো সিনেমা হতে যাচ্ছে। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে অনেক। এ ছাড়া দর্শকদের পছন্দের অভিনয়শিল্পীরা রয়েছেন, তাঁদের অভিনয়টাও আমার গল্পের অন্যতম শক্তি।’

গল্পের মূল ভাবনা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এটা মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প। এই ফিরে পাওয়ার মধ্যে এত কিছু রয়েছে, যেটা একটা একটা করে বলা মুশকিল। সহজ হবে যদি কেউ নিজের কথা চিন্তা করেন। নিজের ফেলে আসা সময়কে ফিরে পেতে, খুঁজে দেখতে, প্রশ্ন করতে বা কারণ জানতে চাইলে যে অনুভূতি ও পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, এই সিনেমার গল্পও সেভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, প্রতিটি দর্শকই এটা নিজের সঙ্গে মেলাতে পারবেন।’

নির্মাতার কথায়, নিজের শিকড়কে নতুন করে খুঁজে পাওয়া এবং ফেলে আসা সময়ের দিকে ফিরে তাকানোর বিষয়গুলোই সিনেমার মূল আকর্ষণ। গল্পের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন সময় উঠে আসবে, যা দর্শকদের স্মৃতিঘেরা এক যাত্রায় নিয়ে যেতে পারে। আবেগঘন গল্পের সঙ্গে আবহসংগীত ও গানও সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বলে মনে করেন পরিচালক।

‘আবার দেখা হলে’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। প্রযোজনা করছে ‘ফিল্মি ফিচারস’। সিনেমাটির সহপ্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এর সঙ্গে রয়েছে ‘এমআইবি স্টুডিওস’।
 

আরও পড়ুন

×