মুক্তির আগেই বিতর্কে 'ছপাক'
'ছপাক' ছবিতে দীপিকা পাডুকোনের লুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:২৬
মুক্তির আগেই বিতর্কে মেঘনা গুলজার পরিচালিত ও দীপিকা পাডুকোন অভিনীত 'ছপাক' সিনেমাটি।তবে সিনেমার কোনও সংলাপ বা দৃশ্য নিয়ে কোনও সংগঠন বা নেটিজেনদের রোষের শিকার হয়নি এটি ।
'ছপাক' বিতর্কে জড়িয়েছে তার কেন্দ্রীয় চরিত্রের জন্য। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। আর লক্ষ্মীর জন্যই মুক্তির আগেই কাঠগড়ায় নির্মাতা ও অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক মেঘনা গুলজার লক্ষীর সঙ্গে কথা বলেই ছবিটি তৈরির সিদ্ধান্ত নেন। এমনকি অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালকে কপিরাইটের জন্য ১৩ লক্ষ রুপি বুঝিয়ে দেন তারা। তিনি তার অর্থ পেয়েই খুশি ছিলেন। কিন্তু এখন তিনি বেঁকে বসেছেন।
শোনা যাচ্ছে, লক্ষী এখন তার জীবনের গল্প পর্দায় দেখানোর জন্য আরও বেশি অর্থ দাবি করছেন।
এদিকে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবি মুক্তির দিনও ঠিক হয়ে গেছে। এমন সময় লক্ষ্মীর এমন দাবিতে বিপাকে পড়েছেন নির্মাতারা। তবে এই বিষযে তিনি আইনের সাহায্য নেবেন কিনা, তা এখনও জানা যায়নি। লক্ষ্মীও এনিয়ে কোনও পদক্ষেপ নিয়েছেন কিনা, জানা তাও জানা যায়নি। তবে লক্ষ্মী-দীপিকার এই দ্বন্দ্ব 'ছপাক'-এর জন্য যে সুখকর নয়, তা বলাই বাহুল্য।
