মাইলসের ৪ দশক: এবার দেশের মাটিতে উদযাপন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৩:০১
জন্মলগ্ন থেকেই মেধা, মননশীল ও সৃষ্টিশীল নান্দনিকতায় শ্রোতাহৃদয়ে সংগীতের ঝড় তুলে আসছে মাইলস। পত্রিকা থেকে টেলিভিশন বা ক্যাসেটের ফিতা থেকে উন্মুক্ত মঞ্চে কাঁপিয়েছেন অজস্র দর্শকশ্রোতা। দেখতে দেখতে ব্যান্ডটি এখন চল্লিশে। তারা যাত্রা শুরু করেছিল ১৯৭৯ সালে। মাইলসের সদস্য এখন পাঁচ। শাফিন আহমেদ, হামিন আহমেদ, মানাম আহমেদ, সৈয়দ জিয়াউর রহমান তূর্য ও ইকবাল আসিফ জুয়েল। তাদের মধ্যে শাফিন, হামিন, মানাম শুরু থেকেই দলের সঙ্গে আছেন।
'শুরুটা বেশ কঠিন। ফরিদ রসিদের হাত ধরে আমাদের পথচলা শুরু হয়। এক কথায় বলতে তিনিই ছিলেন মাইলসের প্রতিষ্ঠাতা।' ঠিক এমনটাই জানান শাফিন আহমেদ। নিজেদের আত্মপ্রকাশের আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের গান গাইত মাইলস। তাদের সঙ্গে একরকম পেশাদার ব্যান্ড হিসেবেই চুক্তি করেছিল হোটেলটি। সপ্তাহে পাঁচদিন তারা সেখানে গান করতেন।
শাফিন বলেন, 'সেই সময়টা আমাদের জন্য বড় একটি অর্জন ছিল। কারণ নিজেদের পরিপকস্ফতার জন্য, প্র্যাক্টিসের জন্য, বাজানোর জন্য একটা ভালো জায়গা ছিল। প্রথম তিন বছর ওই হোটেলটাতে বাজিয়েছি আমরা। সেখানে বিদেশি অতিথি বেশি থাকায় দেশি গানের পাশাপাশি ইংলিশ গানও হতো। তবে কখনও আমরা কমার্শিয়াল চিন্তা করিনি।'
প্রথম বাংলা গান ১৯৯১
১৯৯১ সালে মাইলসের 'প্রতিশ্রুতি' নামে প্রথম বাংলা গানের অ্যালবাম আসে। এর আগে আরও দুটি অ্যালবাম প্রকাশ করে মাইলস। তবে দুটিই ইংরেজি গানের অ্যালবাম। একটি 'মাইলস', অন্যটি 'অ্যা স্টেপ ফারদার'। প্রতিশ্রুতি অ্যালবামটির গানগুলো সে বছর বেশ জনপ্রিয়তা পায়। গানগুলো হলো- 'প্রথম প্রেমের মতো', 'পাতা ঝরে যায়', 'সুপ্ত বাসনা', 'আশা-নিরাশা', 'হৃদয়হীনা', 'চাঁদ তারা নও সূর্য তুমি', 'গুঞ্জন শুনি' এবং 'ঘরে লইয়া যাও রে'। তারপর বাংলা গানের অ্যালবাম করে 'প্রত্যাশা'। অ্যালবামটি প্রকাশের কয়েক মাসের মধ্যেই তিন লাখ কপি বিক্রি হয়। এটাকে ধরা হয় দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম।
'প্র' দিয়েই সব অ্যালবাম
মাইলসের অ্যালবামের প্রথম দুটি অ্যালবামের শুরুতেই 'প্র' ছিল। এটাই যেন তাদের অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। 'প্রতিশ্রুতি', 'প্রত্যয়', 'প্রয়াস', 'প্রবাহ', 'প্রতিধ্বনি', 'প্রতিচ্ছবি', 'প্রবর্তন' অ্যালবামগুলো জনপ্রিয়তা পেয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। 'চাঁদ তারা সূর্য', 'প্রথম প্রেমের মতো', 'ফিরিয়ে দাও', 'ধিকি ধিকি', 'পাহাড়ি মেয়ে', 'নীলা', 'কী জাদু', 'হৃদয়হীনা', 'জ্বালা জ্বালা', 'পিয়াসী মন', 'বলব না তোমাকে', 'প্রিয়তমা মেঘ' শ্রোতাদের মন কেড়ে নেয়।

চল্লিশ বছর পূর্তিতে ২৮ কনসার্ট
যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া মিলে ২৮টি কনসার্ট করে মাইলস। যার মধ্যে ১৮টি যুক্তরাষ্ট্রে, সাতটি কানাডায় ও তিনটি অস্ট্রেলিয়ায়। দীর্ঘ সময় ধরে বিদেশ সফর রাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য এটাই প্রথম। যুক্তরাষ্ট্র সফরের মাধ্যমে তাদের সংগীত সফর শুরু হয়। এরপর কানাডা, পরে অস্ট্রেলিয়ার মাধ্যমে শেষ হয় মাইলসের আন্তর্জাতিক সফর।
২৪ ডিসেম্বর ঢাকায় কনসার্ট
২৪ ডিসেম্বর গালা কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে মাইলসের ৪০ বছর পূর্তির উৎসব। মূলত দেশের রক লাভারদের আবারও টিকিট কনসার্টে ফেরানোর জন্য এই উদ্যোগ। হামিন আহমেদ বলেন, 'মাইলস বরাবরই একাধিক উদ্যোগে পথিকৃৎ হিসেবে থেকেছে। এবারও টিকিট কনসার্টে তরুণদের ফেরানোর এই উদ্যোগে মাইলস অগ্রগামী থাকল। কারণ গত এক দশক আমাদের অবক্ষয় কালটা দেখেছি। ফ্রি গান শোনাতে শোনাতে আমরা কোথায় নামিয়েছি পুরো মিউজিক এরিনাকে, তা আর বলার অপেক্ষা রাখে না। মিউজিক ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে টিকিট কনসার্ট কালচারে ফিরতে হবে। আমি মনে করি, আমাদের এই ৪০ বছর পূর্তির উৎসবটি নতুনভাবে ফেরার একটি দিন।'
জানা গেছে, ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারের হল ৩-এ অনুষ্ঠিত হবে। ৪০ বছর ঘিরে থাকবে নানা আয়োজন। থাকছে অন্যান্য জনপ্রিয় ব্যান্ডের মাইলসের প্রতি সম্মান প্রদর্শন, যার মধ্যে থাকছে ভক্তদের মাইলসের সঙ্গে গান গাওয়ার সুযোগ, মাইলস গানের কথা এবং তার পেছনের কাহিনি প্রদর্শনী। মাইলসের এই প্ল্যাটফর্মে আরও কিছু ব্যান্ড মঞ্চ মাতাবে। অন্য ব্যান্ডগুলোর মধ্যে থাকবে- ফিডব্যাক, সোলস, ওয়ারফেজ, দলফুট ও ভাইকিংস।
কনসার্টের টিকিট এরই মধ্যে অনলাইন ও অফলাইনে ছেড়েছে উইন্ডমিল। সহজ ডটকমের সাইটে এবং টেস্টি টিবেতের আউটলেটে পাওয়া যাবে টিকিট। স্পেশাল জোন টিকিট দুই হাজার ৫০০ ও ফ্যান জোন টিকিটের দাম এক হাজার টাকা। কনসার্টের গেট খোলা হবে সন্ধ্যা ৬টায়। শেষ হবে রাত ১১টায়। কনসার্টে ভক্তদের জন্য থাকছে গিফট ও স্যুভেনির।
- বিষয় :
- মাইলস
- চার দশক উদযাপন
- বিনোদন
