কণ্ঠশিল্পী জয়া
জয়া আহসান
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১ | ১২:০০ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ | ০৮:১৯
একই সঙ্গে অভিনেত্রী ও কণ্ঠশিল্পী জয়া আহসানকে বড় পর্দায় দেখা যাবে এবার। আগামী ২০ আগস্ট কলকাতায় মুক্তি পাচ্ছে অতনু ঘোষ পরিচালিত তার 'বিনিসুতোয়' ছবিটি, যেখানে অভিনয়ের পাশাপাশি প্লেব্যাকও করেছেন জয়া।
ছবিতে তার কণ্ঠে শোনা যাবে রবিঠাকুরের কালজয়ী গান 'সুখের মাঝে তোমায় দেখেছি'। এর সংগীতায়োজন করেছেন দেবজ্যোতি মিশ্র। প্লেব্যাকের মতো তার অভিনীত চরিত্রে থাকছে চমক।
'বিনিসুতোয়' ছবিতে তাকে দেখা যাবে স্বপ্নপূরণের লক্ষ্যে ছুটে চলা শ্রাবণী বড়ূয়া নামের এক নারীর চরিত্রে। টেলিভিশনের এক রিয়েলিটি শোতে অডিশন দিতে যার সঙ্গে পরিচয় হয় কলকাতার কাজল সরকারের, যার সূত্র ধরে একসময় তাদের মধ্যে তৈরি হয় নতুন সম্পর্কের। শেষ পর্যন্ত তাদের সম্পর্ক, পরস্পরকে ঠিকমতো চিনতে পারার দক্ষতা বা ক্ষমতা ঠিক ছিল কিনা- তা নিয়েই 'বিনিসুতোয়' ছবির গল্প।
এতে কাজলের চরিত্রের মধ্য দিয়ে প্রথম জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। অভিনয়ে আরও আছেন চান্দ্র্রেয়ী ঘোষ, কৌশিক সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।
ছবিটিতে প্লেব্যাক ও অভিনয় নিয়ে জয়া বলেন, "চিত্রনাট্য ভালো লাগায় 'বিনিসুতোয়' ছবিতে অভিনয় আর চরিত্রের প্রয়োজনে প্লেব্যাক করেছি। 'রবিবার' ছবিতে অভিনয়ের সুবাদে অতনু ঘোষের নির্মাণ সম্পর্কে ভালো ধারণা ছিল। যে জন্য 'বিনিসুতোয়' যে ভিন্ন ধাঁচের ছবি হবে- তা নিয়ে আশাবাদী ছিলাম। এখন দেখার অপেক্ষা, ছবিটি দর্শক প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।"
