নিয়মিত অভিনয়ের ইচ্ছা নেই: ঈশিতা
সমু সাহা
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৪:০২
ঈশিতা। অভিনেত্রী ও কণ্ঠশিল্পী। সম্প্রতি 'আবার এলো যে সন্ধ্যা' শিরোনামের গান-ভিডিও নতুন সংগীতায়োজনে গেয়েছেন তিনি। পাশাপাশি তার সঙ্গে ছেলে যাভীর দৌলাও এই গানে কণ্ঠ দিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। মুঠোফোনে কথা হলো তার সঙ্গে-
হঠাৎ যুক্তরাষ্ট্রে গেলেন ...
এখানে ভাইয়ের বাসায় বেড়াতে এসেছি। আমার ছেলেও সঙ্গে এসেছে। 'আবার এলো যে সন্ধ্যা' গানটির গত সোমবার রেকর্ডিং হয়েছে। শেষ করেই এখানে আমরা ঘুরতে বেরিয়েছি। আশা করছি নতুন বছরের প্রথম সপ্তাহেই দেশে ফিরব।
'আবার এলো যে সন্ধ্যা' নতুন সংগীতায়োজনে গাওয়ার পরিকল্পনা কেন করলেন?
এ গানটি আমাদের দেশের মানুষের মনে অন্য রকম স্থান নিয়ে আছে। লাকী আখন্দের সুর করা গানটি প্রায়ই আনমনে গুনগুন করে গাই। আমার ছেলে যাভীরেরও গানটি ভীষণ প্রিয়। সে চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দু'জনে মিলে প্রিয় গানটি বেছে নিলাম। মা-ছেলে গানটিতে কণ্ঠ দিয়েছি, ভিডিওচিত্রেও অংশ নিয়েছি। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। নিজের ছেলে বলে বলছি না ও দারুণ গেয়েছে।

গানটি প্রকাশ পাবে কবে?
নতুন বছরের প্রথমে জি-সিরিজের ব্যানার থেকে গানটি প্রকাশিত হবে। এর ভিডিও নির্মাণ করেছেন মঞ্জু আহমেদ। কথা ও সুর ঠিক রেখে নতুন করে সংগীতায়োজন করেছেন মেহেদী।
অভিনয়ের ক্ষেত্রে সংগীত কতটা প্রভাব ফেলে?
অভিনয় ও সংগীত পরস্পরের পরিপূরক। অভিনয় করতে গেলে ইমোশন দিতে হয়। সঙ্গে তাল ও লয়ের জ্ঞানও থাকতে হয়। এসব তো সংগীত থেকেই নিতে হয়। মিউজিক ইজ মাস্ট ফর অ্যাক্টিং। একটু খেয়াল করলেই দেখা যায়, সব অভিনয় স্কুলেই কিন্তু গান শেখানোর ব্যবস্থাও রাখা হয়। গানের মধ্যে এক ধরনের ভিজ্যুয়াল বিষয় আছে। কোনো গানের ভিডিও না থাকলেও শ্রোতারা মনের মধ্যে দৃশ্যকল্প তৈরি করে নিতে পারেন।
নতুন গানে কণ্ঠ দিলেন, অভিনয়ে ফিরবেন না?
অভিনয় তো করছি। চলতি বছর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটকে কাজ করেছি। তবে নিয়মিত অভিনয়ের ইচ্ছা নেই। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি। তাছাড়া পরিবারকেও সময় দিতে হয়। তাই ভালো প্রজেক্ট ছাড়া অভিনয়ের ইচ্ছা নেই। তবে মানসম্মত কাজ পেলে হয়তো আগামীকালই অভিনয়ে আমাকে দেখা যাবে।
ভিন্ন প্রসঙ্গে আসি, এখন অনেকই একসঙ্গে বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। এতে কাজের মানে সীমাবদ্ধতা তৈরি হয় বলে মনে করেন?
আসলে সময়ের সঙ্গে সব বদলে যায়। এখন টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্ম বেড়েছে। কিন্তু ভালো অভিনয়শিল্পী খুবই হাতেগোনা। সেজন্য বিভিন্ন মাধ্যমে ঘুরেফিরে তাদেরই অভিনয় করতে হচ্ছে। এতে অভিনয়ের মানে কিছুটা যে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে তা সত্যি। আবারও ঢালাওভাবে শুধু অভিনয়শিল্পীদের দিকে আঙুল তুললেও হবে না। এ অবস্থার পরিবর্তনের জন্য অভিনয়শিল্পী, নির্মাতা, স্ট্ক্রিপ্ট রাইটার- সবাইকে একসঙ্গে কাজ করতে হবে
