ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

থিয়েটারের প্রতি তরুণদের আগ্রহ বেড়েছে: তনিমা হামিদ

থিয়েটারের প্রতি তরুণদের আগ্রহ বেড়েছে: তনিমা হামিদ
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০০:৩১

তনিমা হামিদ। অভিনয়শিল্পী, উপস্থাপক। মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে তার উপস্থাপনায় 'নানা স্বাদে রাঁধুনী'। এসব বিষয় ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

'নানা স্বাদে রাঁধুনী' অনুষ্ঠানটিতে কেমন সাড়া পাচ্ছেন?

বেশ ভালো। রান্নাবিষয়ক অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেছে। এটি আমার নয়, দর্শকের কথা। তদের মতে, রান্নাবিষয়ক অনুষ্ঠানেও বৈচিত্র্য থাকতে পারে- তার প্রমাণ 'নানা স্বাদে রাঁধুনী'। এখানে শুধু যে রেসিপি কিংবা রান্না দেখানো হবে তা নয়, দেশীয় ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি বিভিন্ন দেশের বিখ্যাত খাবারগুলো উপস্থাপন করা হয়। রেসিপি নিয়ে উপস্থিত থাকেন পাঁচ তারকা হোটেলের প্রধান শেফরা। থাকে কুকিং টিপস, কাটিং প্রসেস, রান্নাঘর ব্যবস্থাপনার খুঁটিনাটি। গৎ বাঁধা অনুষ্ঠান নয় বলে আমিও বেশ মনোযোগ দিয়েই উপস্থাপনা করছি। বিপিএলের কারণে অনুষ্ঠানটি আপাতত বন্ধ রয়েছে। খেলা শেষ হলেই এর প্রচার শুরু হবে।

উপস্থাপনার বাইরে মঞ্চে 'আ ওমেন অ্যালোন' অভিনয় করছেন। অনেকেই বলেন, একক অভিনয়ে সীমাবদ্ধতা রয়েছে। আপনার অভিমত কী?

দেখুন, আমরা যে নাটকের স্ট্ক্রিপ্ট নিয়ে কাজ করি, সেখানে নারীর বঞ্চনা-কষ্টের কথাই বেশি। এটাই বড় সীমাবদ্ধতা। আমার অভিনীত 'আ ওমেন অ্যালোন' একজন নারীর সংগ্রামী জীবনের গল্পগাথা নিয়ে নাটকটির প্রেক্ষাপট সাজানো হয়েছে। এর বাইরে বেরিয়ে যদি কিছু করা যায় তাহলে নাটক আরও ভালো হতো। অনেকে এ ধরনের নাটককে একক নাটক বলে থাকেন। আমি এটি মানতে নারাজ। আসলে একক নাটক হয় না। অভিনয় একক হয়। আমি যখন অভিনয় করি তখন লাইট, সাউন্ড, সেট- সবকিছুর সঙ্গেই একাত্ম হতে হয়।

মঞ্চের সার্বিক অবস্থা কীভাবে দেখছেন?

মঞ্চে ভালো ভালো নাটক হচ্ছে। চলতি বছর মঞ্চে নতুন কিছু নাটক এসেছে। নিরীক্ষাধর্মী নাটকও হচ্ছে। নতুন ছেলেমেয়েরা কাজ করছে। থিয়েটারের প্রতি বেড়েছে তরুণদের আগ্রহ। মঞ্চকর্মীদের মেধা, ভালোবাসা অথবা আত্মত্যাগ- কোনো কিছুরই কমতি নেই। অভিনয়, নির্দেশনা, ডিজাইন কিংবা নিত্যনতুন আইডিয়ার দিক থেকে আমরা পিছিয়ে নেই। এর পরও বেশ কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয় আমাদের। মঞ্চে অনেক সমস্যাই রয়েছে। এর মধ্যে 'হল সংকট' বড় বলে মনে করি। মঞ্চের দর্শক শিল্পকলামুখী। উত্তরা কিংবা মিরপুরে মঞ্চ নেই। মঞ্চনাটককে ছড়িয়ে দেওয়ার জন্য ঢাকার আশপাশে মঞ্চ দরকার।

আরও পড়ুন

×