স্ট্রোকে এটিএম শামসুজ্জামানের একপাশ অবশ
এটিএম শামসুজ্জামান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ | ০২:৪২
গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। শনিবার দুপুরে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোমেডিসিন বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলেছেন, স্ট্রোকে তার শরীরের একপাশ অবশ হয়ে গেছে।
সমকাল অনলাইনকে এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামান বলেন, গত কয়েকদিন ধরেই তার শরীরে নানা রকমের সমস্যা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবে কথা বলছেন না। স্বাভাবিক খাবারও খেতে পারছেন না। তাই তাকে শনিবার হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা তাকে ভর্তি করার পরামর্শ দিলে তাকে ভর্তি করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটি এম শামসুজ্জামানের চিকিৎসার দায়িত্বে আছেন সেখানকার মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমান। তিনি বলেন, ‘আগে দুবার উনি আমার অধীনে ভর্তি ছিলেন। এবার ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছেন। শরীরের এক পাশ অবশ। একটি চোখের এক পাশে ভাইরাল অ্যাটাক হয়েছে। শারীরিক অবস্থা বেশি দুর্বল। সবকিছু বিবেচনায় আমরা ওনাকে নিউরোমেডিসিন বিভাগের অধীনে ভর্তির পরামর্শ দিয়েছি। বর্তমানে তিনি নিউরোমেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলামের অধীনে ভর্তি আছেন।’
এটিএম শামসুজ্জামন চলতি বছরের ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন। সেদিনও খুব শ্বাসকষ্ট হচ্ছিল। সেই রাতে তাকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হয়। এরপর কিছু শারীরিক জটিলতা হয়। টানা ৫০ দিন এই হাসপাতালে চিকিৎসা শেষে ১৫ জুন তাঁকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। কিছুদিন সেখানে ছিলেন। অবস্থার উন্নতি হওয়ায় তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়।
এর আগে গত ২৫ নভেম্বর আন্ত্রিক প্রতিবন্ধকতা দেখা গেলে এ টি এম শামসুজ্জামানকে জরুরি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। অবস্থা একটু ভালো হলে পরে তাকে বাসায় নেওয়া হয়। বাসায় নেয়ার কিছুদিন পরই আবার তাকে হাসপাতালে ভর্তি করা হলো।
- বিষয় :
- এটিএম শামসুজ্জামান
- অসুস্থ
