ঢাকায় সৃজিতের দুই ছবি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০১:১৯
কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। বাংলাদেশের জামাই এখন। মিথিলা রশিদকে বিয়ে করে এখন ঢাকাতেই অবস্থান করছেন তিনি। শীতে জামাই আদরে বাংলাদেশে কাটাচ্ছেন অবসর। এরই মধ্যে জানা গেলো নতুন খবর। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো সৃজিতের পরিচালিত দুই ছবি ‘ভিঞ্চি দা’ এবং ‘শাহজাহান রিজেন্সি’।
নতুন বছরের ১১ জানুয়ারির থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিতত্র উৎসব-২০২০। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এ উৎসবে ৮ বিভাগে দেখানো হবে বিশ্বের নামি দামি নির্মাতার চলচ্চিত্র। এতে সৃজিতের দুই ছবি ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে স্থান করে নিয়েছে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
‘শাজাহান রিজেন্সি’ ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, স্বস্তিকা মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত, ঋত্বিকা সেন।
সাহিত্যিক শংকরের রচিত ‘চৌরঙ্গী’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। যদিও কয়েক দশক আগে ‘চৌরঙ্গী’ নামে একটি সিনেমা তৈরি করেছিলেন পিনাকীভূষণ মুখোপাধ্যায়। সেখানে বিখ্যাত চরিত্র ‘স্যাটা বোসের’ ভূমিকায় দেখা গিয়েছিল উত্তম কুমারকে। সেই ছবির ঠিক ৫১ বছর পর কিছুটা ভিন্নভাবে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সৃজিত নির্মাণ করেছেন ‘শাজাহান রিজেন্সি’।
অন্যদিকে থ্রিলারধর্মী ‘ভিঞ্চি দা’। এতে ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল, অর্নিবাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার। দুটি ছবিই মুক্তির পর বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
