নানা আয়োজনে বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৭
স্মৃতিকথার আয়োজন আর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে বুধবার বিটিভিতে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশেষ প্রামাণ্য ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান 'সেই দিন এই দিন' প্রচারিত হয়। উপস্থাপনা করেন মাহফুজা আক্তার। দুপুরে প্রচারিত হয় 'সেই লাইট অ্যাকশন' এবং সন্ধ্যায় প্রচারিত হয় 'সময়ের হাত ধরে'। অনুষ্ঠানগুলোতে স্মৃতিচারণে অংশ নেন দেশের খ্যাতনামা চিত্রশিল্পী ও বিটিভির সাবেক মহাব্যবস্থাপক মুস্তাফা মনোয়ার, সংগীতশিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আবদুল হাদী।
এ ছাড়া সন্ধ্যায় বিটিভি চত্বরে শুভানুধ্যায়ী, দর্শক এবং বর্তমান ও সাবেক কলাকুশলীদের মিলন মেলা ও শুভেচ্ছা বিনিময়ের পর্ব চলে। এ সময় ঘরোয়া সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন বিটিভির তালিকাভুক্ত শিল্পীরা।
এদিকে বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন সকালে চ্যানেল আইয়ে সকালের সংগীতানুষ্ঠান 'গানে গানে সকাল শুরু'র বিশেষ পর্ব সাজানো হয় বিটিভির জন্মদিনকে ঘিরে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহম্মদ ও সুরের ধারার শিল্পীরা। বিটিভি নিয়ে স্মৃতিচারণ করেন মুস্তাফা মনোয়ার। স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
- বিষয় :
- বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী
