মহানায়িকার বাড়িতে এক সন্ধ্যা
ছবি: প্রতিবেদক
অনিন্দ্য মামুন, পাবনা থেকে
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৮:১৪
মহানায়িকা সুচিত্রা সেনের জন্মভিটা বাড়ি পাবনায়। ২০১৪ সালে দখলমুক্ত হওয়ার পর মহানায়িকার বাড়িতে তার স্মৃতি জাদুঘর স্থাপন করে পাবনা জেলা প্রশাসন। পাবনা যারা আসবেন আর সুচিত্রা সেনের বাড়ি দর্শন করবেন না এমনটি যেনো কল্পণাই করা যায় না।
আমাদেরও পাবনায় বেড়াতে এসে প্রথম গন্তব্য ছিল সুচিত্রা সেনের বাড়ি দর্শন।
বাড়িটি শহরের গোপালপুরের হেমসাগর লেনে অবস্থিত। ঢাকা থেকে দীর্ঘ ভ্রমণ শেষে মহানায়িকার বাড়ির গেটে এসেই যেনো জুড়িয়ে গেলো প্রাণ। গেটে টিকিট কাউন্টার থাকলেও কাউকে না পেয়ে ঢুকে গেলাম বাড়ির ভেতরে, নতুন এই জায়গার খোঁজ সবাই জানে না, তাই দর্শনার্থীর সংখ্যা আমরা কয়েকজন ছাড়া অন্য কাউকে দেখতে দেখা যায়নি। তবে দর্শণার্থী না থাকার পেছনে শীতও একটা কারণ। এমন হাড়কাঁপানো শীতে ওমের খুঁজে মানুষ। সুচিত্রার বাড়ি তাই কোলাহলশূণ্য।
মহানায়িকার শৈশব-কৈশোরের স্মৃতিধন্য এই বাড়ির উঠান পার হয়ে ভেতরে গিয়ে বেশ অবাকই হতে হলো কারণ তখনও কারও সঙ্গে দেখা হলো না। দেখভাল করার জন্য একজনকে অবশ্য পাওয়া গেল। তার কাছ থেকেই ১০ টাকার টিকিটও ক্রয় করতে হল। জানা গেলো, তিনিই বাড়িটির দেখাশুনা করেন। সুচিত্রার বাড়ি দেখভালের দায়িত্বে আছেন তিনি।নাম রুবেল।
সুচিত্রার পাবনার এ বাড়িতে বাড়ি ছাড়া তেমন কিছু দেখা মিলেনি।ঘরের দেয়ালজুড়ে রয়েছে এই মহানায়িকার নানা ছবি, যেখানে কোথাও তিনি সাবলীল বাঙালি নারী আবার কোথাও ইংরেজি ঢংয়ে নায়িকার বেশে, কোথাও তাকে দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে মিশে একাকার।
কিছু ফেস্টুনে তার জীবন আর কর্মের সংক্ষিপ্ত বর্ণনাও চোখ এড়ায়নি আমাদের।
জানা গেছে সরকার এখানে একটি চলচ্চিত্র আর্কাইভ এবং একটি লাইব্রেরি করার পরিকল্পনা করেছে। মহানায়িকার এ বাড়ির পাশেই যে পুরনো নামহীন জমিদার বাড়িটি আছে। যা দেখে প্রাচীন জমিদারি আমলের সুনিপুণ ধারণা জন্মাবে।
- বিষয় :
- সুচিত্রা সেনের জন্মভিটা
- পাবনা
