অজয় বিয়ের সময় পুরোহিতকে ঘুষ দিতে চেয়েছিল
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০০:৫০
কাজল এবং অজয়ের প্রেমের গল্প যে কোনও রূপকথার গল্পের চেয়েও সুন্দর। ১৯৯৯ সালে অজয়কে বিয়ে করেছিলেন কাজল, কিন্তু এতদিন পরেও সেই বিয়ের দিনের ঘটনাগুলো যেন নিজের চোখের সামনে ভাসতে দেখেন অভিনেত্রী। বিয়ের এত দিন পর অজয় দেবগণের ঘুষ দেওয়ার প্রস্তাবের কথাও ফাঁস করলেন তিনি।
বিয়ের আনুষ্ঠানিকতা যেন তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয় সেই জন্য পুরোহিতকে ঘুষ দিতে চেয়েছিলেন অজয় এমন কথা জানালেন কাজল।
সোশ্যাল মিডিয়া ব্লগের সাম্প্রতিক একটি পোস্টে, কাজল তার স্বামী অজয় দেবগণের সঙ্গে ডেটিংয়ের কিছু আকর্ষণীয় এবং মজার গল্প শেয়ার করে নিয়েছেন । ১৯৯৫ সালে হালচাল ছবির সেটে প্রথমবার অজয়কে দেখেন কাজল আর তারপর তার কী প্রতিক্রিয়া হয়েছিল তাও জানিয়েছেন তিনি।
কাজল বলেন,‘২৫ বছর আগে হালচালের সেটে আমাদের একে অপরের সঙ্গে দেখা হয়- আমি শট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে জিজ্ঞাসা করেছিলাম, আমার নায়ক কোথায়? তখন কেউ একজন ইশারা করে তাকে দেখান। পরে যদিও ওই ছবির সেটে থাকতে থাকতে আমরা একে অপরের বন্ধু হয়ে উঠি।’
‘আমি সেই সময় অন্য কারোর সঙ্গে ডেটিং করছিলাম এবং ও নিজেও অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিল। এমন দিনও গেছে যে আমি আমার সেই সময়ের বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ওর কাছে অভিযোগও করেছি! পরে আমরা দুজনেই বুঝতে পারলাম যে আমরা একে অপরের সঙ্গে অনেক বেশি স্বচ্ছন্দবোধ করছি।’
হালচালের পরে কাজল ও অজয় একসঙ্গে গুণ্ডারাজ, ইশক, দিল কেয়া করে, রাজু চাচা এবং প্যার তো হোনা হি থা ছবিতে জুটি বেঁধে কাজ করেন।
ওই পোস্টে কাজল এ কথাও লেখেন যে, একে অপরের থেকে যেহেতু বেশ খানিকটা দূরে থাকতেন তাই তাদের প্রেম বেশিরভাগ সময়ে গাড়ির মধ্যেই চলতো। এইসব কথা ছাড়া নিজের দাম্পত্যের নানা কথাও শেয়ার করেন অভিনেত্রী।
ওই পোস্টে কাজল নিজের প্রথমবার গর্ভবতী হওয়ার কথা এবং গর্ভপাত হয়ে যাওয়ার দুর্ভাগ্যজনক ঘটনাও শেয়ার করেছেন।
প্রায় ১০ বছর পর ফের জুটি বেঁধে সেলুলয়েডে ফিরছেন কাজল এবং অজয় দেবগণ। তানাজি: দ্য আনসং ওয়ারিয়র ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের। ওই ছবিটি ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। সূত্র: এনডিটিভি
