ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

আর্জেন্টিনার ‘শারীরিক’ ফুটবলের জবাব দিতেও প্রস্তুত স্পেন

আর্জেন্টিনার ‘শারীরিক’ ফুটবলের জবাব দিতেও প্রস্তুত স্পেন
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৪:০৬

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে প্রথমার্ধে আর্জেন্টিনার খেলায় কিছুটা বিস্মিতই হয়েছে স্প্যানিশরা। লিওনেল মেসির সতীর্থরা বেশ কিছু অহেতুক ফাউল করেছেন। ফাউলের বাড়াবাড়ি দেখে তাদের নাকি কোনো কোনো সময় এটিকে মল্লযুদ্ধ বলে মনে হচ্ছিল। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ফাইনালের রেফারির দৃষ্টি আকর্ষণ করেছেন স্পেনের ডিফেন্ডার আইমারিক লাপোর্তে। তবে স্পেন অধিনায়ক রদ্রি এসব নিয়ে মোটেই ভীত নন। শারীরিক লড়াইয়ের জন্যও প্রস্তুত তিনি। মাঠে বিন্দু পরিমাণ ছাড় দেবেন না প্রতিপক্ষকে।

ম্যানহাটনের জ্যামপ্যাক্ট সংবাদ সম্মেলনে রদ্রি জানিয়েছেন, আর্জেন্টাইনদের উস্কানিতে পা দেবে না স্পেন। তারা এই ফাঁদ এড়িয়ে যাবেন। নিজেদের খেলার প্রতিই তাদের পুরো মনোযোগ। তবে ২০২৪ ব্যালন ডি’অরজয়ী এ মিডফিল্ডারের ধারণা, ফাইনাল ম্যাচটি অন্য ম্যাচের তুলনায় একটু ভিন্ন হবে। ফাইনালে শারীরিক শক্তির প্রদর্শনও হবে।

তিনি বলেন, ‘আমার মনে হয়, রোববারের ম্যাচটি ভিন্ন মেজাজের হবে। এই ম্যাচে অনেক বেশি শারীরিক শক্তি প্রয়োগ হবে এবং এজন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আমার বিশ্বাস, কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে, সেটা জানি বলেই আমরা জাতীয় দলে সুযোগ পেয়েছি। কাজেই আমরা প্রতিপক্ষের আক্রমণ সামলানো, আক্রমণ করা, পাল্টা-আক্রমণ করার বিষয়ে অভ্যস্ত। আমরা পরিপূর্ণ একটি দল। এজন্যই আমরা ফাইনালে আসতে পেরেছি।’

আর্জেন্টিনা যদি উস্কানির ফাঁদ পাতে, তাহলে তারা কী করবেন, এমন প্রশ্নের জবাবে রদ্রির সোজাসাপ্টা জবাব, ‘ওটাও ফুটবলেরই একটি অংশ। খেলাটা কীভাবে আগায়, তারা কী কৌশল নেয়, সেটা আমরা দেখব। আমি নিশ্চিত, তারা (আর্জেন্টিনা) সবকিছু উজাড় করে দিয়ে লড়বে এবং সে পথে (উস্কানি) হাঁটবে না। তবে যদি তারা ওই কৌশল অবলম্বন করে, তাহলে অবশ্যই আমাদের ফাঁদ এড়িয়ে চলতে হবে। আমাদের নিজেদের খেলাটা খেলার চেষ্টা করতে হবে। উস্কানিতে পা দেওয়া যাবে না।’ 

আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র লিওনেল মেসি। ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। সর্বকালের সেরা এই ফুটবলারকে কীভাবে নিষ্ক্রিয় রাখা যাবে, সেটাই স্পেনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রদ্রিও মেসিকে সর্বকালের সেরা মানেন। তবে শুধু মেসি একা নন, পুরো আর্জেন্টিনা দল নিয়েই সতর্ক থাকতে হবে বলে মনে করেন এই স্প্যানিশ অধিনায়ক।

তার ভাষ্য, ‘আমার কাছে তিনি সর্বকালের সেরা খেলোয়াড়। তিনি এমন একজন, যিনি এরই মধ্যে দলকে বিশ্বকাপ জিতিয়েছেন এবং এবারও দলকে ফাইনালে নিয়ে এসেছেন। তবে আর্জেন্টিনা মানে স্রেফ মেসি নয়। বিশ্বমানের খেলোয়াড়ের সমন্বয়ে তারা পরিপূর্ণ একটি দল। কাজেই আমাদের তাঁর দিকে মনোযোগ রাখতে হবে, একই সঙ্গে অন্যদের দিকেও চোখ রাখতে হবে।’

আরও পড়ুন

×