ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডায়াবেটিসের ঝুঁকি এবং কারা পরীক্ষা করাবেন

ডায়াবেটিসের ঝুঁকি এবং কারা পরীক্ষা করাবেন
×

­ ডা. এ. হাসনাত শাহীন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ০৭:১৮

| প্রিন্ট সংস্করণ

ডায়াবেটিস একটি বিপাকজনিত সমস্যা, যেখানে ইনসুলিন হরমোনের পরিপূর্ণ বা আংশিক ঘাটতি অথবা এর কার্যকারিতা হ্রাসের কারণে রক্তের শর্করা বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ইনসুলিন গ্লুকোজকে শরীরের কোষগুলোয় পৌঁছে দিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে। কায়িক পরিশ্রমের ঘাটতি ও খাদ্যাভ্যাসের পরিবর্তন বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়াচ্ছে।
ডায়াবেটিসের সাধারণ লক্ষণ
lঘন ঘন প্রস্রাব হওয়া, তৃষ্ণা পাওয়া, ঘন ঘন খিদে লাগা।
lপ্রচণ্ড পরিশ্রান্ত অনুভব করা, চোখে ঝাপসা দেখা।
lশরীরের বিভিন্ন অংশের কাটাছেঁড়া সহজে না সারা।
lকোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া।
lপ্রদাহজনিত রোগে বারবার আক্রান্ত হওয়া।
lহাত-পায়ে ব্যথা বা অবশ হয়ে যাওয়া।
বিপদের কারণ
প্রতি দুজন ডায়াবেটিক রোগীর মধ্যে একজন জানেন না যে তিনি আক্রান্ত। ডায়াবেটিসের জটিলতা (চোখ ও কিডনির জটিলতা, হৃদরোগ, স্ট্রোক, পায়ে পচন ইত্যাদি) রোগের প্রাথমিক ধাপ থেকেই শুরু হয়। তাই সঠিক সময়ে রোগ নির্ণয়, চিকিৎসা ও জটিলতা প্রতিরোধের পূর্বশর্ত।
কাদের ডায়াবেটিস পরীক্ষা করা উচিত
ডায়াবেটিসের কোনো লক্ষণ না থাকলেও নিম্নলিখিত ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের অবশ্যই পরীক্ষা করা উচিত:
lবয়স ৪৫ বা তার বেশি হলে।
lস্থূল ব্যক্তি।
lরক্ত সম্পর্কীয় নিকটাত্মীয়ের ডায়াবেটিস থাকলে।
lশারীরিক পরিশ্রমের ঘাটতি থাকলে।
lপ্রি-ডায়াবেটিস থাকলে।
lনারীদের গর্ভকালীন ডায়াবেটিস বা অধিক ওজনের সন্তান প্রসবের ইতিহাস থাকলে অথবা পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকলে।
lউচ্চ রক্তচাপ, স্ট্রোক হলে।
lরক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি এবং এইচডিএলের মাত্রা কম থাকলে।
অন্তঃসত্ত্বা নারীদের জন্য
প্রথম চেকআপের সময় অথবা গর্ভধারণের ২৪ থেকে ২৮ সপ্তাহে প্রত্যেক অন্তঃসত্ত্বা মায়ের ডায়াবেটিস শনাক্তকরণ পরীক্ষা করা আবশ্যক। কারণ, সঠিক সময়ে রোগ নির্ণয় না হলে মা ও সন্তানের বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।
লেখক : কনসালট্যান্ট, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি

আরও পড়ুন

×