ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনের দাবি তরুণ চিকিৎসকদের

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনের দাবি তরুণ চিকিৎসকদের
×

তরুণ চিকিৎসকদের নিয়ে হার্ট ফাউন্ডেশনের কর্মশালা। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ১৬:৩৭ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ | ১৭:০২

তামাকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ আসন্ন জাতীয় সংসদে অনুমোদন এবং ২০২৬–২৭ অর্থবছরে সকল ধরনের তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি জানিয়েছেন দেশের তরুণ চিকিৎসকরা।

আজ শনিবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ জোরদারে তরুণ চিকিৎসকদের সম্পৃক্ততা: ২০২৬ সালে তামাক নিয়ন্ত্রণ আইন আসন্ন সংসদে অনুমোদন ও ২০২৬–২৭ অর্থবছরের করনীতি সংস্কার’ শীর্ষক এক কর্মশালায় এসব দাবি জানান দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত তরুণ চিকিৎসকরা।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী। তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি দ্রুত অনুমোদনের আহ্বান জানান।

কর্মশালায় প্রধান আলোচক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি চূড়ান্ত করেছে। এর বাস্তব সুফল পেতে আসন্ন ত্রয়োদশ সংসদে দ্রুত অধ্যাদেশটি আইন আকারে অনুমোদন করা জরুরি।’

হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ফজিলা তুন-নেসা মালিক বলেন, ‘তামাক হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। আমরা অসংখ্য রোগি পাই, যারা তামাক ব্যবহারের কারণে হৃদরোগে আক্রান্ত। আগামী অর্থবছরে তামাকপণ্যে কর আরোপ কার্যকর হলে সাধারণ মানুষ ও তরুণরা তামাক গ্রহণে নিরুৎসাহিত হবে। এতে সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে চিকিৎসা ব্যয় কমবে।’

অনুষ্ঠানে তরুণ চিকিৎসকদের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট তুলে দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ফজিলা তুন-নেসা মালিক। কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ চিকিৎসকরা জানান,  দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে সরকার তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করেছে। অধ্যাদেশটি আসন্ন সংসদে দ্রুত অনুমোদন এবং সকল তামাকপণ্যে কার্যকর কর আরোপের মাধ্যমে তামাকপণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে নেওয়া সম্ভব হবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×