সেমিনারে স্থানীয় সরকারমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে অনলাইন প্রচারণা বাড়াতে হবে
মির্জা ফখরুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০৭:৪৬
| প্রিন্ট সংস্করণ
ডেঙ্গু দমনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও মশার লার্ভা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিস প্রজেক্ট (আইইউপিএইচপিএসপি) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সরকার ইতোমধ্যেই জাতীয় কমিটি গঠন করেছে। কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আমি আশা করি, আইইউপিএইচপিএসপি এ ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ডেঙ্গু প্রতিরোধে অনলাইন প্রচারণা আরও বাড়াতে হবে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেন।’
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনু বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এনডিসি, আইইউপিএইচপিএসপির প্রকল্প পরিচালক (পিডি) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত জনস্বাস্থ্য উন্নয়ন প্রকল্প আইইউপিএইচপিএসপি ডেঙ্গুসহ বিভিন্ন রোগ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।
- বিষয় :
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
