ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

স্বাস্থ্যকথা

গরমে ইউরিন ইনফেকশন কারণ, লক্ষণ ও প্রতিরোধ

গরমে ইউরিন ইনফেকশন কারণ, লক্ষণ ও প্রতিরোধ
×

 ডা. মো. বাবরুল আলম

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৮:৪০

| প্রিন্ট সংস্করণ

গরমের সময় অতিরিক্ত তাপমাত্রা ও ঘামের কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হয়, যা মূত্রনালিতে জীবাণুর সংক্রমণের ঝুঁকি বাড়ায়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই সাধারণত ই-কোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে এবং নারীদের মধ্যে এ রোগের প্রবণতা বেশি। নারীদের মূত্রনালি অপেক্ষাকৃত ছোট এবং মলদ্বারের কাছে হওয়ায় জীবাণু সহজেই প্রবেশ করতে পারে।

এ ছাড়া পুরুষের প্রোস্টেট গ্রন্থি থেকে নির্গত তরল কিছু ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে, যা নারীদের ক্ষেত্রে অনুপস্থিত। যৌন মিলনের সময় মূত্রনালিতে আঘাত লাগলেও সংক্রমণ হতে পারে। ইউটিআইর সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে– ঘন ঘন প্রস্রাবের বেগ, প্রস্রাবের সময় জ্বালাপোড়া, তলপেটে ব্যথা, প্রস্রাব সম্পূর্ণ না হওয়ার অনুভূতি, প্রস্রাবের দুর্গন্ধ বা ঘোলা হওয়া এবং কখনও রক্তমিশ্রিত প্রস্রাব।
চিকিৎসায় সঠিক অ্যান্টিবায়োটিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ কোর্স শেষ করা আবশ্যক। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করলে জটিলতা বাড়তে পারে। পর্যাপ্ত পানি পান সংক্রমণ কমাতে সাহায্য করে। প্রতিরোধের জন্য প্রতিদিন পর্যাপ্ত পানি পান, প্রস্রাব আটকে না রাখা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, যৌন মিলনের আগে ও পরে প্রস্রাব করা এবং সুতির অন্তর্বাস ব্যবহার করা জরুরি। ভিটামিন-সি সমৃদ্ধ খাবার প্রস্রাবে অম্লীয় পরিবেশ তৈরি করে ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা দেয়।
লেখক: বিশেষজ্ঞ চিকিৎসক

আরও পড়ুন

×