ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

ওয়াংচুককে অবৈধভাবে আটক রাখার অভিযোগ স্ত্রীর

ওয়াংচুককে অবৈধভাবে আটক রাখার অভিযোগ স্ত্রীর
×

সোনম ওয়াংচুকের পাশে স্ত্রী গীতাঞ্জলি আংমো। সম্প্রতি দিল্লিতে। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সৌজন্যে

এএফপি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৪:১৭ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৬:১৪

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশন করা সোনম ওয়াংচুককে অবৈধভাবে আটকে রাখার অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। তিনি বলেছেন, ‘এটি কোনো চিকিৎসা সেবা নয়। এটি অবৈধ আটক’।

প্রায় ২১ দিন ধরে অনশনের পর শনিবার দিল্লির যন্ত্রর-মন্তর থেকে ওয়াংচুককে জোরপূর্বক তুলে নিয়ে যায় পুলিশ। এ সময় বলা হয়, ওয়াংচুকের স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় আদালতের নির্দেশে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

তবে রোববার গীতাঞ্জলি আংমো বলেছেন, তিনি সরকারি হাসপাতালের ওপর আস্থা হারিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর স্বামীকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তাদের ফ্লোরে প্রায় ৩০ জন এবং পুরো হাসপাতালে ১০০ জনেরও বেশি পুলিশ মোতায়েন থাকায় চলাফেরা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

গীতাঞ্জলি জানান, ওয়াংচুককে সরিয়ে নেওয়ার অনুমতি চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেছেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁসের তদন্তের দাবিতে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন ৫৯ বছর বয়সী ওয়াংচুক। 

অনশনস্থলে ওয়াংচুকের প্রতি সমর্থন জানাতে অনেক তরুণও অবস্থান নিয়েছিলেন, বিশেষ করে ব্যাঙ্গাত্মক দল ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্যরা। এছাড়া, বিভিন্ন রাজনৈতিক দলও সংহতি জানিয়েছে। সোমবার পার্লামেন্টের অধিবেশন চলার সময় অনশনস্থলে বিক্ষোভ প্রদর্শনের কথা ছিল। এর আগেই ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে সরিয়ে নেওয়া হলো। 

আরও পড়ুন

×