পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির
গত ২০ জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের চিত্র। ছবি: হিন্দুস্থান টাইমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৮:৪৩
সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে— এমন অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে পুলিশ সদর দপ্তর অভিমুখে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি জানিয়েছে, গত ২৫ জুলাই দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে ইন্ডিয়া গেট থেকে মিছিল শুরু হয়ে নয়াদিল্লি পুলিশ সদর দপ্তরে যাবে।
মিছিলে নেতৃত্ব দেবেন মেডিকেল ভর্তি পরীক্ষাকে (নিট) কেন্দ্র করে মৃত্যুবরণ করা শিক্ষার্থীদের পরিবারের সদস্য এবং পুলিশের নির্যাতনের শিকার ব্যক্তিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, যুব সংগঠন ও তরুণদের এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার সিজেপির জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-শাসিত রাজ্যগুলো তরুণদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা অগ্রগতি করেছে, তা পর্যালোচনা করা হয়।
২৫ জুলাই প্রকাশ্যে প্রতিশ্রুতি দেওয়ার এক মাস পরও সেগুলো বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সিজেপির জাতীয় কমিটি। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের আদৌ কোনো ইচ্ছা আছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। সিজেপির অভিযোগ, প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে কেন্দ্রীয় সরকার নানা কারিগরি জটিলতার আড়ালে সময়ক্ষেপণ করছে এবং সুপ্রিম কোর্টের সামনেও স্পষ্ট কোনো প্রতিশ্রুতি এড়িয়ে যাচ্ছে।
শিক্ষামন্ত্রীদের কাছে সিজেপির চিঠি
সরকারি স্কুলের অবকাঠামো, শিক্ষক সংকট ও বরাদ্দকৃত অর্থের তথ্য চেয়ে ভারতের সব রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে। চিঠিতে সরকারি স্কুলগুলোর অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি শিক্ষামন্ত্রীদের প্রতি সরকারি শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতিকে জরুরি অগ্রাধিকার হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন।
পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ
গত মাসে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তরুণদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। এ সময় ইলেকট্রিক শক দেওয়ার সরঞ্জাম ও পেলেট গানও ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, পুলিশের এই বলপ্রয়োগের বিষয়ে তাদের অনুসন্ধানের ফল পুলিশের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। টাইমস নাউ ও হিন্দুস্তান টাইমসের খবর।
- বিষয় :
- ককরোচ জনতা পার্টি
- ভারত