চীনের জন্মহার ৭ দশকে সর্বনিম্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০৩:৩৩ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ | ০৪:০১
চীনে জন্মহার বিগত ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে নিচে নেমে এসেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো অনুসারে, ১৯৪৯ সালের পর এটাই সর্বনিম্ন জন্মহার।
গত বছর দেশটিতে জন্মহার ছিল প্রতি হাজারে ১০ দশমিক ৪৮ জন। খবর বিবিসির
পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, চীনে গত বছর নতুন শিশু জন্ম নিয়েছে এক কোটি ৪৬ লাখ ৫০ হাজার। আগের বছর এর চেয়েও ৫ লাখ ৮০ হাজার বেশি শিশু জন্ম নিয়েছিল।
জনসংখ্যা নিয়ন্ত্রণে চীন ১৯৭৯ সালে ‘এক সন্তান’ নীতি নিয়েছিল। যেসব পরিবার এ নীতি লংঘন করতো তাদের জরিমানার মুখে পড়তে হতো, কাউকে কাউকে হতে হতো চাকরিহারা।
‘এক সন্তান’ নীতির কঠোর প্রয়োগের কারণে দেশটিতে প্রায়ই জোর করে গর্ভপাত করানোর ঘটনাও ঘটত।
তবে উন্নয়ন লক্ষ্যে পৌঁছানোর আগেই দেশের বেশিরভাগ মানুষ বৃদ্ধ হয়ে যাবে এমন আশঙ্কায় ২০১৬ সালে দীর্ঘদিন ধরে চলে আসা এক-সন্তান নীতি বাতিল করে চীন। কিন্তু নীতিমালাটি প্রত্যাহারে উল্লেখযোগ্য তেমন উন্নতি হয়নি।
বিগত কয়েক বছর ধরেই দেশটিতে জন্মহার কমছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ।
বিশেষজ্ঞরা বলছেন, সন্তান জন্মদানের অনুমতি দেওয়া হলেও প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে তেমন পরিবর্তন না আসায় এমনটি হয়েছে। যেমন, সন্তানের সেবার জন্য আর্থিক সহায়তা, মাতৃ ও পিতৃত্বকালীন ছুটি বাড়ানো।
তবে জন্মহার যেমন কমছে তেমনি কমছে মৃত্যুহারও। ২০১৯ সালে দেশটির জনসংখ্যা ১৩৯ কোটি থেকে বেড়ে ১৪০ কোটি হয়েছে।
