লম্বা চুলের নতুন রেকর্ড সেই কিশোরীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ০৭:১৪ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ | ০৯:০৬
সেলুনে গিয়ে ছয় বছর বয়সে শেষবারের মতো চুল কাটেন ভারতের গুজরাটের নীলাংশী প্যাটেল। কিন্তু সেই হেয়ার কাট তার এতটাই অপছন্দ হয়েছিল যে আর কোনোদিন চুল কাটবেন না বলেই ঠিক করে।
তারপর থেকে চুল লম্বা করতে শুরু। ২০১৮ সালে ২১ নভেম্বর ১৬ বছর বয়সে ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা চুল নিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বে সবচেয়ে লম্বা চুলের অধিকারী হিসেবে স্বীকৃতি পান তিনি।
এরপর কেটে গেছে এক বছরের বেশি সময়। এর মধ্যে সেই নীলাংশীর চুল বেড়ে হয়েছে ৬ ফুট।
সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সদস্যরা নীলাংশীর চুল মেপে নতুনভাবে লম্বা চুলের রেকর্ডধারীর স্বীকৃতি দেন তাকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে নীলাংশীর চুলের ছবিসহ একটি পোস্ট শেয়ার করে গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। সেখানে তারা লিখেন, 'ভারতের লম্বা চুলের অধিকারী নীলাংশীর চুল আবারও মাপা হয়েছে। তার চুল লম্বা হয়ে এখন ৬ ফুট ছুঁয়েছে।’
বিশ্ব রেকর্ড গড়ার পর নীলাংশী এক সাক্ষাৎকারে জানান, ঘরোয়া উপায়ে মায়ের হাতে তৈরি বিশেষ এক ধরনের তেল চুলে ব্যবহার করেন।
নীলাংশী তার চুল কখনো কাটতে চান না। কারণ নিজের চুল ভালোবাসেন। তার মা সবসময় চেয়েছেন চুল নিয়ে মেয়ে যেন একদিন বিশ্ব রেকর্ড গড়তে পারে।

এত লম্বা চুলের যত্ন প্রসঙ্গে তিনি জানান, সপ্তাহে একদিন তিনি চুল পরিষ্কার করেন। চুল শুকাতে তার সময় লাগে আধা ঘণ্টা। অন্যদিকে চুলের জট ছাড়াতে সময় লাগে এক ঘণ্টা।
লম্বা চুলের অধিকারী নীলাংশী বর্তমানে দ্বাদশ শ্রেনিতে পড়েন। ভবিষ্যতে একজন সফটওয়্যার প্রকৌশলী হতে চান। সে অনুযায়ীই তার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
চুল নিয়ে নীলাংশী আরও অনেক রেকর্ড গড়ার স্বপ্ন দেখছেন। বড় হয়েও লম্বা চুলের অধিকারী হিসেবে বিশ্ব রেকর্ড ধরে রাখতে চান। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- লম্বা চুল
- নীলাংশী
- গিসেন রেকর্ড
- গুজরাট
