ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বিয়ের দিন ঠিক হচ্ছিল, আগুনে শেষ হলো সেই স্বপ্ন

বিয়ের দিন ঠিক হচ্ছিল, আগুনে শেষ হলো সেই স্বপ্ন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৮:৪৭ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১৮:৫২

নভেম্বরে বিয়ের কথা ছিল। দুই পরিবারের মধ্যেও সম্প্রতি বসেছিল বিয়ের প্রাথমিক আলোচনা। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হলো না। লখনউয়ের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কলকাতার অনামিকা সামন্ত (২৭) ও তার হবু স্বামী নীলেশ কুমার (২৮)।

সোমবার লখনউয়ের আলিগঞ্জ এলাকায় চারতলা একটি ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ১৫ জন নিহত হন। তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী ও কর্মজীবী তরুণ-তরুণী।

নিহত অনামিকা কলকাতার বাসিন্দা। কর্মসূত্রে তিনি লখনউয়ে থাকতেন। অন্যদিকে নীলেশও একই প্রতিষ্ঠানে তার সহকর্মী ছিলেন। গেম ডেভেলপমেন্ট ও থ্রিডি আর্ট নিয়ে কাজ করতে গিয়ে তাদের পরিচয়, পরে সম্পর্ক এবং ধীরে ধীরে বিয়ের সিদ্ধান্ত।

পরিবারের সদস্যরা জানান, গত সপ্তাহেই অনামিকার বাবা-মা লখনউয়ে গিয়ে নীলেশদের পরিবারের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেন। দুই পরিবারই সম্পর্ককে স্বীকৃতি দেয় এবং আগামী নভেম্বরে বিয়ের দিনও প্রায় ঠিক হয়ে যায়। নীলেশের পরিবারও শিগগিরই কলকাতা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

নীলেশের ভাই অভিষেক কুমার বলেন, ‘অনামিকার বাবা-মা আমাদের বাড়িতে এসে বিয়ের কথা বলেছিলেন। দুই পরিবারই খুব খুশি ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।’

স্থানীয়রা জানায়, যে কোচিং সেন্টারে আগুন লাগে, তার তিনতলায় ছিল একটি গেম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের অফিস। অনামিকা ও নীলেশ সেখানে কাজ করতেন। ওই সময় ভবনের তিনতলায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায়।

অগ্নিকাণ্ডের পর সন্ধ্যায় পরিবারগুলো মর্গ থেকে তাদের মৃত্যুর খবর পায়। নীলেশের পরিবার জানায়, দুর্ঘটনার বিষয়ে শুরুতে তারা কিছুই জানতেন না।

ঘটনার পর লখনউ পুলিশ ও প্রশাসন তদন্ত শুরু করেছে। রাজ্য সরকার ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। ভবনটি সিল করে দেওয়া হয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন

×