প্রধানমন্ত্রী হতে বার্নহামের বিরুদ্ধে লড়তে পারেন একাধিক এমপি
যুক্তরাজ্য
মেকারফিল্ড আসনের এমপি হিসেবে শপথ নেন অ্যান্ডি বার্নহাম। সোমবার হাউস অব কমনসে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২০:২৪ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ২০:৩২
কিয়ার স্টারমারের উত্তরসূরি হওয়াটা অ্যান্ডি বার্নহামের জন্য হয়তো খুব বেশি সহজ হবে না। মঙ্গলবার লেবার পার্টির একাধিক এমপি জানিয়েছেন, তারাও নেতৃত্ব বাছাইয়ের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন।
যুক্তরাজ্যের প্রচলিত ব্যবস্থায় ক্ষমতাসীন দলের নেতা স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রী হওয়ার অধিকার পান। সোমবার স্টারমার প্রধানমন্ত্রীর পাশাপাশি দলীয় প্রধানের পদ থেকেও সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একদিন পর মঙ্গলবার সশস্ত্র বাহিনী বিষয়ক সাবেক মন্ত্রী আল কার্নস এক অনুষ্ঠানে বলেছেন, তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে বার্নহামের ‘ভিশন’ শুনতে চান। এরপর প্রতিদ্বন্দ্বিতার কথা বিবেচনা করবেন।
যুক্তরাজ্যের গণমাধ্যম জানিয়েছে, কয়েকজন এমপি বর্তমান মন্ত্রী ড্যারেন জোনসকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে উৎসাহ দিচ্ছেন। জোনসের ঘনিষ্ঠ এক ব্যক্তি এএফপিকে বলেন, অর্থনীতি নিয়ে বার্নহামের বিস্তারিত পরিকল্পনা জানার আগে জোনস সব বিকল্প খোলা রাখছেন।
লেবার পার্টির নেতা বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতা শুরু হলে তা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। তবে এই প্রক্রিয়ার ঝুঁকি হলো তাতে দলীয় বিভাজন সামনে আসে। কয়েকজন এমপি মনে করছেন, প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হলে তা বার্নহামের জন্যই ভালো হবে। এতে তাঁর প্রধানমন্ত্রীত্ব বৈধতা পাবে।
- বিষয় :
- লেবার পার্টি
- রাজনীতি
- যুক্তরাজ্য
