কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন অ্যান্টিবায়োটিক
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ২১:০২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ২১:০৭
বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কাজে লাগিয়ে প্রথমবারের মতো অত্যন্ত শক্তিশালী একটি অ্যান্টিবায়োটিক তৈরি করেছেন। তাদের দাবি, এটি দিয়ে ৩৫ ধরনের প্রাণঘাতী ব্যাকটেরিয়া ধ্বংস করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ায় এ আবিষ্কার 'নতুন যুগের' সূচনা। কৃত্রিম বুদ্ধিমত্তার এমন শক্তিশালী একটি অ্যালগরিদম এ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যা এক দিনেই ১০ কোটির বেশি রাসায়নিক যৌগের তথ্য বিশ্লেষণ করতে পারে।
এই প্রকল্পে যুক্ত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) জ্যেষ্ঠ গবেষক রেজিনা বারজিলে বলেন, 'অ্যান্টিবায়োটিক আবিষ্কারের দিক থেকে এমন ঘটনা এই প্রথম। মানব মস্তিষ্কের আদলে তৈরি একটি অ্যালগরিদম দিয়ে এটি করা হয়েছে।'
তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যালগরিদমের মাধ্যমে ২৫ হাজার ওষুধ ও অন্যান্য বস্তু থেকে খুঁজে বের করেন কোন ওষুধ বা উপাদানের ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষমতা সবচেয়ে বেশি। এরপর তারা শ'খানেক রোগীর শরীরে তা পরীক্ষা করেন। এরপরই বিজ্ঞানীরা বুঝতে পারেন, তারা এবার খুবই শক্তিশালী এক অ্যান্টিবায়োটিক তৈরিতে সফল হয়েছেন। তারা এর নাম দিয়েছেন হালিসিন।
গবেষণার সঙ্গে যুক্ত এমআইটির বায়োইঞ্জিনিয়ার জেমস কলিনস বলেন, আজ পর্যন্ত যত অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।
সাম্প্রতিক সময়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন অণুজীব বেড়েছে। ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে শুধু ইংল্যান্ডেই ৯ শতাংশ বেড়েছে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার সঠিক না হলে শরীরে বসবাসকারী ক্ষতিকর অনেক ব্যাকটেরিয়াই এক পর্যায়ে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নষ্ট করার ক্ষমতা অর্জন করতে পারে। ফলে ওই ধরনের ওষুধ প্রয়োজনের সময় শরীরে আর কাজ করে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা করেছে, বর্তমান বিশ্বে স্বাস্থ্য নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি হলো এই অণুজীব। সূত্র: বিবিসি।
