কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আকতার
রোজী আকতার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২০:০৫
কুমিল্লা জেলার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতার। তিনি হবেন কুমিল্লার ৪১তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রোজী আকতার বরিশালের সন্তান।
তিনি সমকালকে বলেন, দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী জেলা কুমিল্লায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা নিঃসন্দেহে যেকোনো কর্মকর্তার জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের বিষয়। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ এই জেলায় কাজ করার সুযোগ পাওয়াকে আমি একটি বড় অর্জন হিসেবে দেখছি। চলতি সপ্তাহের যেকোনো দিন এই জেলায় যোগদান করব।
একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসানকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে। মু. রেজা হাসানও বিসিএস ২৯তম ব্যাচের কর্মকর্তা। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৪৭ সালে দেশভাগের পরবর্তী সময়ে ১৯৬০ সালে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা এবং তখন থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদটির নামকরণ হয় ডেপুটি কমিশনার। ১৯৬১ সালের ২৮ মে প্রথম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন কে এম এম হোসাইন (সিএসপি)।
- বিষয় :
- কুমিল্লা
- জেলা প্রশাসক
