ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

রাজশাহীতে আম নামানো নিয়ে সংঘর্ষে ব্যবসায়ী নিহত

রাজশাহীতে আম নামানো নিয়ে সংঘর্ষে ব্যবসায়ী নিহত
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৯:১৩

রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবদুর রাজ্জাক (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় জুয়েল রানা (১৬) নামে এক কিশোর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিহরপাড়া গ্রামের একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর রোববার ভোরে রফিক (৬৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আবদুর রাজ্জাক উপজেলার হরিহরপাড়া গ্রামের ভূগোল মণ্ডলের ছেলে। তিনি মৌগাছি বাজারে গবাদিপশুর খাদ্য বিক্রির ব্যবসা করতেন।

পুলিশ জানায়, গত শুক্রবার আবদুর রাজ্জাকের দুটি আমগাছ থেকে স্থানীয় রাশেল নামে এক ব্যক্তি আম পেড়ে বিক্রি করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ইট ও লাঠির আঘাতে গুরুতর আহত হন আবদুর রাজ্জাক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। একই ঘটনায় আহত হন জুয়েল রানা। তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ দাফনের জন্য নিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আটজনকে আসামি করে মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার এক আসামি রফিককে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×