ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

তুরাগে মরদেহ উদ্ধার নিয়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ভিত্তিহীন: ডিএমপি

তুরাগে মরদেহ উদ্ধার নিয়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ভিত্তিহীন: ডিএমপি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৯:৩৫ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ২০:০৯

তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের বিষয়ে সামাজিকমাধ্যমে যেসব তথ্য, ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, সেগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়।

ডিএমপি বলছে, উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মৃতদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। একইসঙ্গে এ বিষয়ে তুরাগ থানায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা দায়ের করা হয়নি।

সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরাগ নদীতে লাশ উদ্ধার সম্পর্কিত ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। বিষয়টি অনুসন্ধানে প্রচারিত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এদিকে মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানা পর্যালোচনা করে দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে দুই থানার কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে পল্লবী বা রূপনগর থানায় কোনো অভিযোগ, তথ্য কিংবা ঘটনার সত্যতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

যুগ্ম কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া এই ধরনের তথ্য প্রচার, বিশ্বাস করা বা তা শেয়ার করা থেকে বিরত থাকা সমীচীন। কোনো গুজব, বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। ডিএমপির পক্ষ থেকে এই ধরণের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য আহ্বান করা হলো। 

আরও পড়ুন

×