ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

পারিশ্রমিক চাওয়ায় মারধর, লাইভে এসে কাঁদলেন ‘লাপাতা লেডিস’ অভিনেতা

পারিশ্রমিক চাওয়ায় মারধর, লাইভে এসে কাঁদলেন ‘লাপাতা লেডিস’ অভিনেতা
×

সতেন্দ্র সোনি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২০:৪০ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ২০:৫৩

বলিউড সিনেমা ‘পেড় পালকি’ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিনেতা সতেন্দ্র সোনি শুটিংয়ের পারিশ্রমিক না পাওয়া, ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলার পর তার পাশে দাঁড়িয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি মধ্যপ্রদেশ সরকারের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও চলচ্চিত্রটির নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আবেগঘন ভিডিওতে সতেন্দ্র সোনি অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী ‘পেড় পালকি’ সিনেমায় শুটিংয়ে অংশ তিনি। তবে তিনিসহ কয়েকজন শিল্পী চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পাননি। বকেয়া অর্থ চাইতে গেলে তাদের হোটেল ছাড়তে বলা হয় ও হুমকি দেওয়া হয়।

ভিডিওতে অভিনেতা সত্যেন্দ্র বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। এখানে একটি সিনেমার শুটিং করতে এসেছিলাম, যার পরিচালক পুষ্পেন্দ্র সিং। তিনি আমাকে চুক্তি সইয়ের সময় ৫০ হাজার রুপি অগ্রিম দিয়েছিলেন এবং বলেছিলেন বাকি টাকা শুটিং শেষে পরিশোধ করা হবে। আজ শুটিংয়ের আট দিন পূর্ণ হলো, কিন্তু যখনই আমি টাকার কথা বললাম, তিনি আমাকে তল্পিতল্পা গুটিয়ে হোটেল ছেড়ে চলে যেতে বলেন। এমনকি আমাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। বলছেন—হোটেলের আশেপাশে যেন আমাকে আর না দেখা যায়।’

ঘটনার বিস্তারিত উল্লেখ করে সত্যেন্দ্র জানান, তিনিসহ আরও দুই সহকর্মী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন পরিচালক ও তাঁর স্ত্রী গাড়ি নিয়ে তাঁদের তাড়া করেন। প্রকাশ্য রাস্তায় ফেলে মারধর করা হয়। তিনি বলেন, ‘আমরা তিনজন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তাঁরা গাড়ি নিয়ে আমাদের তাড়া করেন। পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তাঁর স্ত্রী প্রগতি চৌহান আমাকে দেখা মাত্রই মাঝরাস্তায় মারধর শুরু করেন। এ সময় শ্রীধর নামের একজন সহকর্মী আমাকে বাঁচাতে এগিয়ে এলে ওই পরিচালক তাঁকেও মারধর শুরু করেন।’

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Satendra Soni (@satendrassoni)

 

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন জানায়, সতেন্দ্র সোনির অভিযোগ অত্যন্ত গুরুতর ও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। চলচ্চিত্রশিল্পের কোনো শিল্পী বা কর্মীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হওয়া উচিত নয়।

বিবৃতিতে আরও বলা হয়, শিল্পে প্রায়ই দেখা যায়, কাজের আগে পারিশ্রমিকের প্রতিশ্রুতি দেওয়া হলেও শুটিং শেষে তা পরিশোধ করা হয় না। উল্টো প্রাপ্য অর্থ চাইলে অনেককে ভয়ভীতি প্রদর্শনের শিকার হতে হয়।

ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, পরিচালক পুষ্পেন্দ্র সিংয়ের ‘পেড় পালকি’ সিনেমার শুটিংয়ের জন্য সতেন্দ্র সোনিকে মধ্যপ্রদেশের মাইহারে ডাকা হয়। শুরুতে তাকে ৫০ হাজার রুপি সাইনিং অ্যামাউন্ট দেওয়া হলেও, আট দিন শুটিং করার পরও বাকি অর্থ দেওয়া হয়নি।

ভিডিওতে সতেন্দ্র বলেন, ‘আমাদের বলা হয়েছিল শুটিং চলাকালীন বাকি টাকা দেওয়া হবে। কিন্তু আট দিন পার হয়ে যাওয়ার পরও কিছুই দেওয়া হয়নি। আমরা টাকা চাইতেই আমাদের ব্যাগ গুছিয়ে হোটেল ছাড়তে বলা হয়। এমনকি আমাদের মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে।’

পরবর্তীতে আরেকটি ভিডিও প্রকাশ করে সতেন্দ্র জানান, তিনি এবং তার সহকর্মীরা নিরাপদে মুম্বাই ফিরে এসেছেন। এ সময় তিনি মাইহার পুলিশ, অভিনেতা আশুতোষ রানা এবং সংকটের সময় পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানান।

‘লাপাতা লেডিজ’, ‘মির্জাপুর’, ‘ডক্টর জি’, ‘বাওয়াল’, ‘রাত আকেলি হ্যায়: দ্য বানসাল মার্ডার্স’ ও ‘হ্যালো বাচ্চোঁ’–এর মতো প্রজেক্টে অভিনয় করা সতেন্দ্র সোনির অভিযোগের পর চলচ্চিত্র অঙ্গনে শিল্পীদের অধিকার ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন

×