ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বিশ্ব সংগীত দিবসে আর্টিস্ট ক্লাবে মনোমুগ্ধকর সংগীতসন্ধ্যা

বিশ্ব সংগীত দিবসে আর্টিস্ট ক্লাবে মনোমুগ্ধকর সংগীতসন্ধ্যা
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৬:১৪ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ১৬:১৪

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হলো  মনোমুগ্ধকর সংগীতসন্ধ্যার। শনিবার বনানীতে অবস্থিত আর্টিস্ট ক্লাব লাউঞ্জে আর্টিস্ট ক্লাব লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ আয়োজন ‘সন্ধ্যা প্রদীপ’। 
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)-এর শিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সের-শার্ল। এছাড়াও গণমাধ্যমকর্মী, শিল্পী, সংস্কৃতিকর্মী এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে আয়োজনটি উপভোগ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফরাসি রাষ্ট্রদূত বলেন, সংগীত এমন একটি সর্বজনীন ভাষা, যা সংস্কৃতি, জাতি ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মানুষকে একত্রিত করে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাগত বক্তব্যে আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি সংগীতশিল্পী সুজিত মোস্তফা বলেন, শিল্প-সংস্কৃতির বিকাশে আর্টিস্ট ক্লাব সব সময়ই সৃজনশীল উদ্যোগের পাশে ছিল, আছে এবং থাকবে। বিশ্ব সংগীত দিবসে ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশনের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে সঙ্গে নিয়ে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

এ সময় আরও বক্তব্য দেন আর্টিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ কবির এবং ডিইউসিএফ-এর প্রতিষ্ঠাতা ও আর্টিস্ট ক্লাবের নির্বাহী সদস্য অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের সূচনা হয় ব্যতিক্রমধর্মী পুথি পাঠের মাধ্যমে। এরপর ডিইউসিএফ-এর শিল্পীরা বাংলা আধুনিক, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, দেশাত্মবোধক এবং জনপ্রিয় আধুনিক গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।

আধুনিক গান পরিবেশন করেন নির্ঝর চৌধুরী, ইরাবতি মণ্ডল, আনিকা শারমিলা কৃপা ও ফরহাদ মিল্টন। নজরুলসংগীত পরিবেশন করেন নন্দিতা দত্ত ধারা। পল্লীগীতি ও উকিল মুন্সীর গান শোনান মাহফুজার রহমান মহব্বত। আর রবীন্দ্রসংগীত পরিবেশন করেন নাঈমা ইসলাম নাজ।
 

আরও পড়ুন

×