আবার একসঙ্গে জেলে যাবেন কিনা—বিরোধীদলীয় নেতাকে প্রশ্ন মন্ত্রীর
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২০:৩৪
বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা আবার একসঙ্গে জেলে যাবেন কিনা—বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে এ প্রশ্ন রেখেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ রোববার সংসদে বাজেট আলোচনায় তিনি বিরোধী দলের সমালোচনা করেছেন সরকারের বিরোধিতা করায়।
মন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কঠিন আন্দোলন করে আজকে সবাই সংসদে এসেছি। ঐক্য খুব জরুরি। ঐক্যের ওপর আমাদের ভর করতে হবে। ঐক্য নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সামনে উপস্থিত বিরোধীদলীয় নেতা, কাশিমপুর জেলখানার কথা তো মনে পড়ে? একসঙ্গেই তো ছিলাম, ভিন্ন তো ছিলাম না। নামাজ পড়েছি, খাওয়া-দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার জন্য কৌশল নির্ধারণ করেছি।’
এ সময় বিরোধীদলীয় নেতা কিছু একটা বলেন। তখন শহীদ উদ্দিন চৌধুরী হেসে বলেন, ‘আবার যাব? ইনশাল্লাহ।’ এরপর তিনি বলেন, ‘আবার আমাদেরকে যেতে (জেলে) হবে না। কারণ এদেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে। এদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। আবার যাওয়ার ব্যবস্থা করবেন না, বিরোধীদলীয় নেতা।’
বিএনপি সরকার প্রতিহিংসাপরায়ণ হবে না দাবি করে পানিসম্পদমন্ত্রী বলেন, ভালো কাজের মাধ্যমে সরকার প্রতিশোধ নেবে। তিনি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল খনন আরেকটি প্রতিশোধ।
পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রসহ সারাদেশে চার হাজার কিলোমিটার নদীভাঙন এলাকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাদের চোখে-মুখে হতাশার ছাপ। তারা বাজেট জানে না, বোঝে না; তারা বাঁচতে চায়। আমি যখন কথা বলছি, সেই মুহূর্তেও ২, ৩, ৪ কিলোমিটার এলাকা ভাঙনের শিকার হচ্ছে।
শহীদ উদ্দিন চৌধুরী বলেন, সাত কোটি মানুষের জন্য পদ্মা ব্যারেজ বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছি। এই অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যেকোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। চীন সফরে প্রধানমন্ত্রী এ নিয়ে আলোচনা করেছেন। চীনের রাষ্ট্রপতির পানিসম্পদের ওপর ব্যাপক জ্ঞান রয়েছে। তিনি এবং চীনের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, তারা বাংলাদেশের মানুষের পক্ষে রয়েছেন। বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা যা কিছু দরকার, চীন সরকার তা করবে।
- বিষয় :
- পানিসম্পদমন্ত্রী
- বিরোধী দলীয় নেতা
