করোনায় মৃত বেড়ে ২৬১৯, আক্রান্ত বাড়ছে দক্ষিণ কোরিয়ায়
উহানের একটি হাসপাতালের আইসিইউতে রোগীর সেবা করছেন এক নার্স - সিএনএন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ২২:২৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:১৪
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ঠেকাতে চীনসহ বিভিন্ন দেশে নানা পদক্ষেপ নেওয়া হলেও ঠেকানো যাচ্ছে না মৃত্যু। শুধু চীনেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আড়াই হাজারের বেশি মানুষের। বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬১৯ জনে। এ ছাড়া ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়েছে। চীনের বাইরে করোনাভাইরাস সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে দক্ষিণ কোরিয়ায়। ইতিমধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে নতুন করে ১৫০ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯২ জনে। এর আগে রোববার চীনে ৯৭ জনের মৃত্যু হয়েছিল। সে হিসেবে একদিনের ব্যবধানে দেশটিতে মৃতের সংখ্যা ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। খবর এএফপি ও সিএনএনের
চীনের মূল ভূখণ্ডের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬১৯ জনে। চীনের বাইরে প্রাণঘাতী এই ভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইরানে, ৮ জন। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় ৭ জন, জাপানে ৪ জন, ইতালিতে ৩ জন, হংকংয়ে ২ জন, ফিলিপাইনে ১ জন, ফ্রান্সে ১ জন ও তাইওয়ানে ১ জনের মৃত্যু হয়েছে।
এনএইচসি জানিয়েছে, চীনের নতুন করে ৪০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তাদের কাছে নিশ্চিত তথ্য রয়েছে। এদের মধ্যে ১১ জন ছাড়া বাকি সবাই হুবেই প্রদেশের বাসিন্দা। এই হুবেই প্রদেশের উহান শহর থেকেই করোনাভাইরাসের উৎপত্তি হয়।
এদিকে চীনের পর করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে দক্ষিণ কোরিয়ায়। এছাড়া ইরান ও ইতালিতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসে প্রাণহানি ঠেকাতে দক্ষিণ কোরিয়া সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, নতুন করে সেখানে আরও ১৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে সোমবার সকাল পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৩ জনে। উদ্ভূত পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে চলতে জনগণকে আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সিয়ে-কুন। নতুন আক্রান্তদের অনেকেই দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দায়েগুর একটি ধর্মীয় গোষ্ঠী ও একটি হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত। দায়েগু ও পার্শ্ববর্তী চেয়ংদো শহরকে 'বিশেষ এলাকা' হিসেবে ঘোষণা করা হয়েছে। এ দুটি শহরের মানুষ আর ঘর থেকে বের হচ্ছেন না।
মধ্যপ্রাচ্যের দেশ ইরানে রোববার পর্যন্ত ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। কওম শহর থেকে মানুষের চলাচলের মধ্য দিয়ে ভাইরাস ছড়িয়ে পড়েছে তেহরান, বাবোল, আরাক, ইসফাহান এবং অন্যান্য শহরে। এমন অবস্থায় গতকাল থেকে দেশটির অন্তত ১৪টি প্রদেশে বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ইরান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী আর্মেনিয়া।
এদিকে ইউরোপের দেশ ইতালির বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫২ জনে দাঁড়িয়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর পুরো চীনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। করোনাভাইসের প্রাদুর্ভাবকে মহামারী হিসেবে ঘোষণা না করলেও উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
