কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত- সমকাল
কানাডা (আলবার্টা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০০:২৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৩৯
কানাডার মন্ট্রিয়লে কানাডা-বাংলাদেশ সলিডারিটি সংগঠনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সেখানে বইমেলারও আয়োজন করা হয়।
একুশে ফেব্রুয়ারির গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ছোট ছোট শিশুদের ছবি আঁকা, গল্প বলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কাদেরী কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী বাঙালি ও সুধীজনেরা। প্রবাসী বাঙ্গালীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান একখণ্ড বাংলাদেশে রূপান্তরিত হয়।
বইমেলা উদ্বোধন করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান এবং বিশিষ্ট অভিনেত্রী, লেখক ও সাংবাদিক ফাল্গুনী হামিদ।
বইমেলার পাশাপাশি ‘বঙ্গবন্ধু কর্নার’ করা হয়। বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন ফাল্গুনী হামিদ।
মিজানুর রহমান বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের উন্মেষ। ভাষা আন্দোলন না হলে হয়তো আমরা আজকের এ স্বাধীনতা পেতাম না।
হাইকমিশনার বলেন, বাংলা ভাষার চর্চায় আরো গুরুত্ব বাড়াতে হবে।
ফাল্গুনী হামিদ বলেন, উর্দু নয় বাংলা হবে পুর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষা প্রথম বলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা আদায় করেন তারই কন্যা শেখ হাসিনা। পাকিস্তানিরা চেয়েছিল পূর্বপাকিস্তানে উর্দুই হোক রাষ্ট্রভাষা, কিন্তু আমাদের দেশের দামাল ছেলেরা তা অগ্রাহ্য করে নেমে পড়ে ঢাকার রাজপথে। ১৯৫২ এর ২১ শে ফেব্রুয়ারি শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো অনেকে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি, পরবর্তীতে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে তার মূলে ছিল এই ভাষা আন্দোলন।
তিনি আরো বলেন, প্রবাসেও বাংলা ভাষার গুরুত্ব দিয়ে আমাদের কোমলমতি শিশুদের মাঝে এর চর্চা করতে হবে।
