প্রেমিকাকে নিয়ে কাড়াকাড়ি, বন্ধুর হাতে যুবক খুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৮:৩৬ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ০৯:০৫
প্রেমিকাকে নিয়ে দ্বন্দ্বের জেরে ভারতে বন্ধুর হাতে খুন হয়েছেন এক যুবক। নিহত যুবকের নাম বাবু হালদার (১৯)। এ ঘটনায় আহত হয়েছেন মিহির মজুমদার নামে অপর একজন। মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে কয়েকজন যুবক স্থানীয় একটি মাঠে মদের আসর বসায়। আসরের একপর্যায়ে মেয়েটি কার প্রেমিকা হবে, তা নিয়ে সেই আসরেই দুই যুবকের মধ্যে বচসা শুরু হয়। এরপর অভিযুক্ত যুবক বাবুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, মদের আসরে বচসার জেরেই বাবুকে পেটে ও বুকে ছুরি দিয়ে আঘাত করে অন্য কয়েকজন যুবক। বাবুকে বাঁচাতে গেলে মিহির মজুমদারকেও আক্রমণ করা হয়। মিহিরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এরপর দুই যুবককে এলাকায় ফেলে পালিয়ে যায় এই আসরে থাকা অন্যরা।
পরে স্থানীয় বাসিন্দারা তাদের পড়ে থাকতে দেখে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। যদিও চিকিৎসকরা বাবু মজুমদারকে মৃত বলে ঘোষণা করেন। মিহির মজুমদারের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নারী সংক্রান্ত কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। যে প্রেমিকাকে কেন্দ্র করেই এর সূত্রপাত, তারও খোঁজ শুরু করেছে পুলিশ।
- বিষয় :
- প্রেমিকাকে নিয়ে দ্বন্দ্ব
- যুবক খুন
- ভারত
