করোনায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৬১১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৫:৪৮
নভেল করোনাভাইরাসের সংক্রমণে ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৬১১ হয়েছে।
শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি এতথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে এই ভাইরাসের সংক্রমণে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১১ জনে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৭২৯ জন।
গত গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৬৯ জনে; মৃত্যু হয়েছে ৫ হাজার ৪২৯ জনের।
করোনাভাইরাসকে এরই মধ্যে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সার্স ও মার্স পরিবারের সদস্য করোনাভাইরাসের সংক্রমণে ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে তাকে বলা হচ্ছে কভিড-১৯।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত এ রোগে মৃত্যুহার ৩.৪ শতাংশ, যেখানে মৌসুমি ফ্লুতে মৃত্যুহার থাকে ১ শতাংশের নিচে। তবে করোনায় ৯ বছরের নিচের কেউ মারা যায়নি। প্রবীণদের মধ্যেই মৃত্যুহার বেশি।
করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো।
রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।
করোনাভাইরাসের কোনো টিকা বা ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। ফলে এমন কোনো চিকিৎসা এখনও মানুষের জানা নেই, যা এ রোগ ঠেকাতে পারে। আপাতত একমাত্র উপায় হলো আক্রান্তদের সংস্পর্শ এড়িয়ে চলা।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- করোনা ভাইরাস
- ইরান
