পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির চার ফুটবলার
নকআউটের শুরুতে হেরে হতাশ জার্মানির ফুটবলাররা। ছবি: গেটি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৮:৫৩
রাশিয়া ও কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২০২৬ বিশ্বকাপ পর্ব শেষ হয়েছে নকআউট পর্বের শুরুতে (শেষ ৩২)। প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরলেও টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছে জসুয়া কিমিখরা।
প্রথম পাঁচ শটে জার্মানি ও প্যারাগুয়ে সমান তিনটি করে শট জালে পাঠায়। ম্যাচের ফল নির্ধারণ করতে ষষ্ঠ শটের পালা আসলে জার্মানির চার ফুটবলার শট নেওয়ার অনুরোধ নাকচ করেন। সংবাদ মাধ্যম বিল্ড জানিয়েছে, জার্মানির অধিনায়ক কিমিখ দু’বার দলের ৭০ ম্যাচ খেলা অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ন গোরেস্কারকে শট নেওয়ার অনুরোধ করেন। দু’বারই তিনি তা প্রত্যাখান করেন।
এরপর ওয়ালদেমার অ্যান্তোনের স্মরণাপন্ন হন বায়ার্ন মিউনিখে খেলা কিমিখ। তিনিও ষষ্ঠ শট নিতে রাজি হননি। ২৩ বছরের তরুণ লেফট ব্যাক নাথানিয়েল ব্রাউন শট নেবেন কিনা প্রশ্ন করলে, নাকচ করে দেন তিনিও। মালিচ থিয়াও শট না নেওয়ার দলে পা রাখেন। পাঁচজন শট নিয়ে ফেলার পর এবং চারজন শট নিতে রাজি না হওয়ায় জার্মানির কোচ হুলিয়ান নাগেলসম্যান এবং অধিনায়ক কিমিখের হাতে আর তেমন অপশন অবশিষ্ট ছিল না।
যে কারণে বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জোনাথন তাহকে শট নিতে বলা হয়। তিনি অনুরোধে ঢেকি গেলেন। কিন্তু শট নিয়ে গোল করতে পারেননি। বিল্ড জানিয়েছে, তাহ ক্লাব ও জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে কখনো পেনাল্টি নেননি। যে কারণে তাকে ষষ্ঠ শটটি শুরুতে নিতে না বলে গোরেস্কার, ওয়ালদেমারদের স্মরণাপন্ন হয়েছিল জার্মানির টিম ম্যানেজমেন্ট।
টাইব্রেকারে হারায় জার্মানির সঙ্গী হলো বাজে রেকর্ড। ১৯৭৬ সালে শেষবার ইউরো চ্যাম্পিয়নশিপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল জার্মানি। ৫০ বছর পর টাইব্রেকারে হারার বাজে রেকর্ডের সাক্ষী হতে হলো হুলিয়ান নাগেলসম্যানের দলের।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
