করোনা সংক্রমণের বেশি ঝুঁকিতে মধ্যবয়সীরা: গবেষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০১:১৭ | আপডেট: ০১ এপ্রিল ২০২০ | ০৭:৩১
করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন। এরমধ্যে ৫০ বছর বা এর চেয়ে বেশি বয়সীরা ভয়াবহ ঝুঁকির মধ্যে আছেন। সম্প্রতি ব্রিটেনে এক গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের তথ্য নিয়ে চীনের স্বাস্থ্য কমিশন যে তথ্য দিয়েছে, তার ভিত্তিতে ব্রিটিশ গবেষকরা এই পরীক্ষা চালান। গবেষণার জন্য তারা করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের ৮০ হাজারটি কেস পর্যালোচনা করেন।
যুক্তরাজ্যের মেডিকেল রিসার্চ কাউন্সিল দ্বারা পরিচালিত এবং ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় আক্রান্ত ৫০ এর বেশি বয়সী ৮ শতাংশ লোকের হাসপাতালের চিকিৎসার প্রয়োজন হয়।
অন্যদিকে ৮০ বছরের বেশি বয়সী শতকরা ১৮ শতাংশেরই হাসপাতালের চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে। তাদের ঝুঁকিও অনেক বেশি ।
এছাড়া ১০ থেকে ১৯ বছর বয়সীরা কম ঝুঁকিতে আছে। তাদের মধ্যে শূন্য দশমিক ৪ শতাংশের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়।
গবেষণাটির সহ-লেখক, অধ্যাপক আজরা গানি বলেছেন, কোভিড -১৯ কীভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে সিদ্ধান্তের জন্য তাদের এই গবেষণা যেকোনও দেশেই কাজে লাগতে পারে।
তিনি আরও বলেন, বিশ্লেষণে খুব স্পষ্টভাবে দেখা গেছে, করোনায় আক্রান্ত হলে ৫০ বা তার বেশি বয়সীদের মধ্যে হাসপাতালে ভর্তির হার বেশি। তাদের একটা বড় অংশ মারাত্মক ঝুঁকিতে পড়েন।
তবে গবেষকরা এমন তথ্য জানালেও বিশ্বে তরুণ প্রজন্ম করোনায় আক্রান্তের হওয়ার ঘটনা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার বেলজিয়াম জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রাশিয়ায় তরুণরা করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে মস্কো।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুয়ায়ী, বুধবার সকাল পর্যন্ত ভাইরাসটি ১৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ হাজার ১৫১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫৮ হাজার ৭৮৫ জন। সূত্র: আরটি নিউজ
- বিষয় :
- করোনাভাইরাস
- করোনার প্রাদুর্ভাব
- করোনা
