এবার অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৩:০২
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে টরন্টো স্টেডিয়ামের বাইরে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল খবরটি। আর খবরটির সূত্র খোদ ক্রিশ্চিয়ানো রোনালদোর আপন বোন কাতিয়া আভেইরো। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তার ভাইয়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ আসর। তবে ম্যাচ শেষে বোনের দেওয়া সেই অবসরের বার্তা এক প্রকার উড়িয়েই দিলেন ৪১ বছর বয়সী রোনালদো।
শেষ ষোলো নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন সিআরসেভেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। জিতি বা হারি, টুর্নামেন্ট শেষ হওয়ার পর আমি আমার পরিবারের সঙ্গে শান্ত হয়ে কথা বলব। তারপর সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, ঠিক সেই সিদ্ধান্তই নেওয়া হবে।’
আবেগের বশে হুট করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার ইঙ্গিত দিয়ে পর্তুগিজ যুবরাজ আরও যোগ করেন, ‘আমি কখনোই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না। সবকিছুই শান্ত মাথায়, সময় নিয়ে করি। এই বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এর আগে ম্যাচের ঠিক মুখে বোন কাতিয়া আভেইরো সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘যতদিন ও মাঠে আছে, উপভোগ করে নিন। নির্ভরযোগ্য সূত্র থেকে আমার কাছে যে তথ্য আছে, সমর্থকরা এবার তাকে জাতীয় দল থেকে বিদায় জানাতে পারেন। আজই (ক্রোয়েশিয়া ম্যাচে) বিদায় বলবে না, তবে আমার মনে হয় এটাই তার শেষ।’
