ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি

আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১২:১৪

বিশ্বমঞ্চে আর্জেন্টিনার সাফল্য মানেই কি রেফারি কিংবা আয়োজক কমিটির বিশেষ কোনো আনুকূল্য? সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলবিসেলেস্তেদের বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ নতুন কিছু নয়। তবে এত দিন এসব আলোচনা বাতাসে ভেসে বেড়ালেও, এবার সেই বিতর্ক সরাসরি আছড়ে পড়ল বিশ্বচ্যাম্পিয়নদের সংবাদ সম্মেলনেই। আর তাতেই বেশ চটেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন তিনি।

মায়ামিতে সংবাদ সম্মেলনের শেষ দিকে তাকে প্রশ্ন করা হয়, ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে? জবাবে স্কালোনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে, আর সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই এ ধরনের গুজবে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ দল জিতলেই অনেকেই এমন অভিযোগ তোলে।’

স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, ‘এর সবচেয়ে সহজ সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না দেখা। সোশ্যাল মিডিয়া পড়া বন্ধ করে দিন। তাহলে এসব বিষয় নিয়েও ভাবতে হবে না।’

আর্জেন্টিনা কোচ স্পষ্ট জানিয়ে দেন, দলের বর্তমান অবস্থান কোনো বিশেষ সুবিধার কারণে নয়, বরং মাঠে সবার সম্মিলিত ত্যাগের ফল। লিওনেল মেসি থেকে শুরু করে পর্দার আড়ালে থাকা কিটম্যান মারিও দে স্তেফানো, সবার সমান অবদানেই আর্জেন্টিনা আজ বিশ্বসেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি যে কেউ সেখানে যা খুশি পোস্ট করতে পারে এবং তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি সর্বত্র পৌঁছে যায়। তবে আমরা এসব বিষয়ে কোনো মনোযোগ দিচ্ছি না।’

সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির একটি ফাউলের ঘটনায় রেফারি কোনও কার্ড না দেখানোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। পরে আলজেরিয়া বিষয়টি নিয়ে ফিফার কাছে অভিযোগও করে। সেই ঘটনার পর থেকেই আর্জেন্টিনাকে নিয়ে ‘বিশেষ সুবিধা’ পাওয়ার আলোচনা আরও জোরালো হয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আরও পড়ুন

×