ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বিতরণের আগেই শনাক্ত পচা ডিম, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশে তদন্ত

স্কুল ফিডিং কর্মসূচি

বিতরণের আগেই শনাক্ত পচা ডিম, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশে তদন্ত
×

ছবি: সমকাল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৩:১০

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রমে নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগ প্রকাশের পর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি তাৎক্ষণিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা শিক্ষা অফিস দ্রুত ঘটনাস্থলে তদন্ত পরিচালনা করে। তদন্তে দেখা যায়, গত ১ জুলাই শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা ১৩৩টি ডিমের মধ্যে ২০টি নিম্নমানের ছিল।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের গার্ডিয়ান কমিটি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের নজরে আনে। এরপর এক ঘণ্টার মধ্যেই প্রতিষ্ঠানটি ত্রুটিপূর্ণ ডিমগুলো সরিয়ে নতুন ও মানসম্মত ডিম সরবরাহ করে। পরে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ও মানসম্মত খাবার বিতরণ নিশ্চিত করা হয়।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, দপ্তরি, স্থানীয় প্রতিবেশী এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা লিখিত ও মৌখিকভাবে জানিয়েছেন, বিতরণ করা বনরুটির মান ভালো ছিল।

এ বিষয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। স্কুল ফিডিং কর্মসূচিতে মান নিয়ন্ত্রণে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গার্ডিয়ান কমিটি গঠনের উদ্দেশ্যই ছিল শিক্ষার্থীদের নিরাপত্তা ও খাদ্যের মান নিশ্চিত করতে অভিভাবকদের সরাসরি সম্পৃক্ত করা। বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় সেই উদ্যোগের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। কোনো শিক্ষার্থীর স্বাস্থ্য নিয়ে আপস করা হবে না। এ ঘটনাটি দেখিয়েছে, গার্ডিয়ান কমিটির কার্যকর তদারকির কারণেই ত্রুটিপূর্ণ ডিম বিতরণের আগেই তা শনাক্ত করা সম্ভব হয়েছে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি সম্পূর্ণভাবে এড়ানো গেছে।’

উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশনায় গত ১৮ মে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মায়েদের অংশগ্রহণে পাঁচ সদস্যবিশিষ্ট গার্ডিয়ান কমিটি গঠন করা হয়। স্কুল ফিডিং কার্যক্রমসহ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে নিয়মিত নজরদারি নিশ্চিত করাই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য।
 

আরও পড়ুন

×