ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কেপ ভার্দে কোচ বললেন, আর্জেন্টিনার কাছে ‘আত্মসমর্পণ’ করব না

কেপ ভার্দে কোচ বললেন, আর্জেন্টিনার কাছে ‘আত্মসমর্পণ’ করব না
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১১:৪৬

প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়া কেপ ভার্দের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। ম্যাচের আগে কেপ ভার্দের প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো স্পষ্টই জানিয়েছেন, আর্জেন্টিনার মতো পরাশক্তির বিপক্ষেও তার দল আত্মসমর্পণ করবে না।

কেপ ভার্দে বিশ্বকাপে তাদের অভিষেক আসরেই সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে চমক দেখায় তারা। এরপর সৌদি আরবের বিপক্ষেও ড্র করে নবাগত দলটি। একই সময়ে স্পেনের কাছে উরুগুয়ের পরাজয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। 

কেপ ভার্দে কোচ মনে করেন, পারফরম্যান্সই তাদের সম্পর্কে প্রতি বড় দলগুলোর দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। ‘বুবিস্তা’ নামে পরিচিত কেপ ভার্দের প্রধান কোচ বলেন, ‘এখন আর প্রতিপক্ষ আমাদের দুর্বল দল হিসেবে দেখে না। আমার মনে হয় আমরা এই সম্মানটা (বড় দলগুলোর কাছ থেকে) অর্জন করে নিয়েছি।’

তবে তাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটি বেশ ভালোভাবেই উপলব্ধি করছেন তিনি। বিশ্বকাপের শুরু থেকে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বের সব ম্যাচে জয় নিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

বুবিস্তা বলেন, ‘আমরা জানি, এটা খুব কঠিন ম্যাচ হবে। আর্জেন্টিনা এমন একটি দল, যারা যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে। কিন্তু আমাদের নিজেদের সেরাটা খেলতে হবে এবং প্রতিপক্ষকে ঘায়েল করার সুযোগ খুঁজে বের করতে হবে।’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের আমরা সব সময় মানসিকভাবে প্রস্তুত রাখার চেষ্টা করি। অনেকেই ভাবেন, কোনো ম্যাচে যখন এক দলটি স্পষ্টতই ফেভারিট, তখন অন্য দল হয়তো আত্মসমর্পণ করবে। কিন্তু আমরা সেটা করতে মাঠে নামছি না।’

তার মতে, রক্ষণভাগই হবে কেপ ভার্দের সবচেয়ে বড় অস্ত্র। একইসঙ্গে জানান, শুধু রক্ষণাত্মক ফুটবল খেললেই চলবে না। সুযোগ পেলেই আক্রমণেও যেতে হবে। তিনি বলেন, ‘পুরো ম্যাচজুড়ে আমরা চাই খেলোয়াড়রা আত্মবিশ্বাস ধরে রাখুক। সব সময় অবশ্য সেটা সহজ নয়। কিন্তু বিভিন্ন প্রতিযোগিতায় আমরা দেখিয়েছি, কঠিন পরিস্থিতিতেও ভালো খেলতে পারি।’

আরও পড়ুন

×