মোদির কাছে অ্যান্টি-ম্যালেরিয়া ওষুধ সরবরাহের অনুরোধ ট্রাম্পের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৪:২৩ | আপডেট: ০৫ এপ্রিল ২০২০ | ০৪:২৭
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস মোকাবেলায় ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ সরবরাহের অনুরোধ জানিয়েছেন ভারত সরকারের কাছে। শনিবার হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্ক ফোর্সকে ট্রাম্প এ কথা জানান ।
তিনি বলেন, ’আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয়েছে। ভারত এবার হাইড্রক্সিক্লোরোকুইনের মার্কিন অর্ডারের দিকে গভীরভাবে মনোযোগ দিতে চলেছে।’
ট্রাম্প আরও বলেন, ’ভারত এই ওষুধ প্রচুর পরিমাণে তৈরি করছে। সে দেশের কোটি কোটি মানুষের জন্য এটা প্রচুর পরিমাণে দরকার। চিকিৎসার জন্য এই অ্যান্টি-ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন ভারত থেকে নেওয়া হবে।’
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমিও হয়তো এটা নিতে পারি। আমার চিকিৎসকদের সঙ্গে এ বিষয়ে কথা বলব।’
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে আমেরিকার প্রেসিডেন্টের ফোনের কথা জানিয়েছেন। তবে ট্রাম্পের অনুরোধ নিয়ে কিছু জানাননি।
শুধু লিখেছেন, ভালো আলোচনা হয়েছে। কোভিড -১৯-এর বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত-যুক্তরাষ্ট্র এক জোট হয়ে পূর্ণ শক্তি কাজে লাগাবে।
আমেরিকায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ৬৩৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৫৪ জনের।
এদিকে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৪ জন। এর মধ্যে মারা গেছেন ৭৭ জন।
সূত্র : জি নিউজ, এনডিটিভি
