ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার ‎‎

ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার  ‎‎
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০১:০৩

নারায়ণগঞ্জের বন্দরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে ২০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারক মো. সিফাত ওরফে জিয়াউল হাসানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন প্রতারণার শিকার চাকরিপ্রার্থীরা।

গ্রেপ্তারকৃত সিফাত নগরীর ২৪ নম্বর ওয়ার্ড বন্দরের নবীগঞ্জ উইলসন রোড এলাকার মো. রিপন মিয়া ওরফে আসলাম সরদারের ছেলে। এ ব্যাপারে চাকরিপ্রার্থী মো. মনির হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন। সিফাতকে গতকাল শুক্রবার দুপুরে এ মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

‎ভুক্তভোগী মনির হোসেন জানান, প্রায় ৬ মাস আগে সিফাতের সঙ্গে তিনিসহ কয়েকজন চাকরিপ্রার্থীর পরিচয় হয়। সিফাত নিজেকে একটি ফার্মাসিটিক্যালস কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন এবং ওই প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার আশ্বাস দেন। চাকরি পাওয়ার আশায় তিনিসহ ১৫ জন সিফাতের সঙ্গে যোগাযোগ করেন। সিফাত ওই কোম্পানিতে ভালো বেতনে চাকরির আশ্বাস দিয়ে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। এতে ২০২৫ সালের ১০ জুলাই তিনিসহ ১৫ জন চাকরিপ্রার্থী সিফাতকে ২০ লাখ ৫০ হাজার টাকা দেন।

এরপর বিভিন্ন সময় সিফাত ১৫ জনকে পৃথকভাবে তাঁর বাড়িতে ডেকে নিয়ে প্রত্যেকের হাতে ওই কোম্পানির নাম, লোগো ও সিলযুক্ত চাকরির নিয়োগপত্র দেন। পরে তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে গিয়ে জানতে পারেন নিয়োগপত্রগুলো ভুয়া।

‎এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রতারক চক্রের একজন সদস্য। বিভিন্ন পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দেখিয়ে টাকা আত্মসাৎ করা তাঁর পেশা।

আরও পড়ুন

×