ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম নেই, মানুষের কাছে চাওয়া হলো রেইনকোট

চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম নেই, মানুষের কাছে চাওয়া হলো রেইনকোট
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৩:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জাপানের অন্যতম প্রধান শহর ওসাকায় করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দেওয়া চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ শহরের বাসিন্দাদের কাছে রেইনকোট চেয়েছে। যাতে পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) হিসেবে ওইসব রেইকনকোট ব্যবহার করে করোনা আক্রান্তদের সেবা দিতে পারেন চিকিৎসকরা।

সুরক্ষা সরঞ্জামের অভাবে ওসাকার অনেক হাসপাতালে ময়লা ফেলার প্লাস্টিক ব্যাগ পরে করোনা আক্রান্তদের সেবা করতে দেখা গেছে চিকিৎসকদের। খবর রয়টার্সের।

গত সপ্তাহে জাপানের রাজধানী টোকিওসহ ৬টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়। তার মধ্যে ওসাকা রয়েছে। জাপানে এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৬৬ জনের।

বুধবার পর্যন্ত ওসাকা শহারে আক্রান্তের সংখ্যা এক হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। রাজধানী টোকিওর পরই এই শহরে আক্রান্তের সংখ্যা বেশি। এর মধ্যে আবার হাসপাতালগুলোতে চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জামের সংকট দেখা দেওয়ায় ব্যহত হচ্ছে সেবা কার্যক্রম।

এমন পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নেয় ওসাকা শহর কর্তৃপক্ষ। তারা ওয়েসাইটে আবেদন জানায়, শহরের পূর্ণ বয়স্ক বাসিন্দারা যেন তাদের ব্যবহৃত যে কোনও রঙ ও ধরনের রেইনকোট জমা দেন। যাতে চিকিৎসকরা সেগুলো পিপিই হিসেবে ব্যবহার করতে পারেন।

ওসাকার মেয়র ইসিরো মাতসুই বলেন, চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জামসহ হাসপাতালে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামের সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সবাই যেন তাদের রেইনকোটটি চিকিৎসকদের দেন।

জাপানের চিকিৎসকরা আরও এক সপ্তাহ আগে চিকিৎসা ও সুরক্ষা সরঞ্জামের সংকটের বিষয়ে সরকারকে অবহিত করেছিলেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো শিল্পমালিকদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের মাস্কসহ অন্যান্য চিকিৎসা ও সুরক্ষা উপকরণ উৎপাদন শুরু করতে বলেছেন মন্ত্রী।

আরও পড়ুন

×